২৪ নভেম্বর, ২০২৬ ১২:৪৫ পিএম

শিশুখাদ্যে কাপড়ের রং,কাদের এগ্রোকে ৩ লাখ টাকা জরিমানা

শিশুখাদ্যে কাপড়ের রং,কাদের এগ্রোকে ৩ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কেরানীগঞ্জে শিশুখাদ্য উৎপাদনে ভয়াবহ অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। চিনির বদলে অ্যাসপারটেম ও বিটা-ক্যারোটিনের পরিবর্তে কাপড়ের রং ব্যবহার করায় ‘কাদের এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ। এ সময় অভিযানে এসব অনিয়মের চিত্র উঠে আসে।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে উৎপাদিত বিভিন্ন ধরনের শিশুখাদ্যের উপাদান তালিকায় চিনি উল্লেখ থাকলেও বাস্তবে চিনির পরিবর্তে ব্যবহার করা হচ্ছিল অ্যাসপারটেম। তবে পরিদর্শনের সময় কারখানায় চিনির মজুত কিংবা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে পণ্যের উপাদান তালিকায় বিটা-ক্যারোটিনের উল্লেখ থাকলেও উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল টেক্সটাইল ডাই বা বস্ত্রের রং।

এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি, চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। পণ্যের লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ করা হয়নি।

অভিযানকালে প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, কাঁচামালের উৎস শনাক্তকরণের নথি, ব্যবহৃত উপকরণের নিরাপদতা তথ্যপত্র এবং বিশ্লেষণ সনদও দেখাতে পারেনি।

এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানটির সার্বিক সমন্বয় করেন ঢাকার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

জনস্বার্থে খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক