২২ নভেম্বর, ২০২৬ ১২:৫৬ পিএম

শিশুদের ওষুধের মানোন্নয়ন-সহজলভ্যতার ঘোষণা জিএপি-এফ’র, কৌশলগত রোডম্যাপ প্রণয়ন

শিশুদের ওষুধের মানোন্নয়ন-সহজলভ্যতার ঘোষণা জিএপি-এফ’র, কৌশলগত রোডম্যাপ প্রণয়ন
ছবি: বিশ্ব স্বাস্থ্য

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের উপযোগী ওষুধের উন্নয়ন ও সহজলভ্যতা বাড়াতে কার্যক্রম জোরদারের ঘোষণা দিয়েছে গ্লোবাল অ্যাক্সিলারেটর ফর পেডিয়াট্রিক ফর্মুলেশনস (জিএপি-এফ) নেটওয়ার্কের অংশীদারেরা। এ লক্ষ্য অর্জনে ২০২৫-২০৩০ মেয়াদি একটি সমন্বিত কৌশলগত রোডম্যাপ প্রণয়ন করেছে নেটওয়ার্কটি। শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শিশুদের জন্য নিরাপদ, কার্যকর ও বয়সোপযোগী ওষুধ নিশ্চিত করতে বিশ্বজুড়ে কাজ করছে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান। তবে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো রয়ে গেছে নানা ঘাটতি। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ওষুধের গবেষণা, উন্নয়ন এবং সহজলভ্যতা বাড়াতে প্রয়োজন দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা।

২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে জিএপি-এফ নেটওয়ার্ক জানিয়েছে, শিশুদের উপযোগী ওষুধ নিশ্চিত করতে বৈশ্বিক অংশীদারদের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী ও স্বাস্থ্যব্যবস্থা, প্রবেশাধিকার ও তথ্যবিষয়ক সহকারী মহাপরিচালক সিলভি ব্রিয়াঁ বলেন, শিশুদের প্রয়োজন অনুযায়ী তৈরি ওষুধের জন্য তাদের অপেক্ষায় রাখা উচিত নয়। বৈশ্বিক অগ্রাধিকার নির্ধারণ, ক্লিনিক্যাল গবেষণা জোরদার এবং উদ্ভাবিত ওষুধ সহজলভ্য করতে দেশগুলোকে সহায়তার মাধ্যমে প্রতিটি শিশুর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।

জিএপি-এফের কৌশলগত রোডম্যাপ ২০২৫-২০৩০ এ লক্ষ্য অর্জনে একটি সমন্বিত পরিকল্পনা দিয়েছে। এর ‘৩০ বাই ৩০’ অঙ্গীকারের আওতায় ২০৩০ সালের মধ্যে ১০টি দেশে উচ্চমাত্রায় প্রাদুর্ভাব রয়েছে—এমন ১০টি রোগের অগ্রাধিকার নির্ধারণ, ১০টি গুরুত্বপূর্ণ ওষুধের উন্নয়ন ত্বরান্বিত করা এবং শিশুদের ওষুধবিষয়ক সামগ্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিশুদের ওষুধের মানোন্নয়নে অগ্রাধিকার

শিশুদের রোগ প্রতিরোধ ও চিকিৎসায় যেসব ওষুধের ঘাটতি রয়েছে, সেগুলো চিহ্নিত করতে ডব্লিউএইচওর পেডিয়াট্রিক ড্রাগ অপটিমাইজেশন (পিএডিও) প্রক্রিয়ার মাধ্যমে বিশেষজ্ঞ ও অংশীদারদের একত্র করছে জিএপি-এফ। বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধ ও উপযুক্ত ফর্মুলেশন নির্ধারণের মাধ্যমে গবেষণা এবং বিনিয়োগের অগ্রাধিকার ঠিক করা হচ্ছে।

এ ছাড়া শিশুদের জন্য গুরুত্বপূর্ণ ওষুধের একটি বিশেষ পণ্যভান্ডার বা পোর্টফোলিও তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গবেষক, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও অর্থায়নকারীরা সবচেয়ে প্রয়োজনীয় ওষুধগুলোর উন্নয়নে মনোযোগ দিতে পারবেন।

ক্লিনিক্যাল গবেষণায় গুরুত্ব

শিশুদের জন্য তৈরি ওষুধের নিরাপত্তা, কার্যকারিতা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে নির্ভরযোগ্য গবেষণার বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে শিশুদের ক্লিনিক্যাল গবেষণা জোরদারে কাজ করছে জিএপি-এফ। এর মধ্যে রয়েছে গবেষণাকেন্দ্রগুলোর সক্ষমতা নিরূপণ, ক্লিনিক্যাল পরীক্ষায় শিশুদের অংশগ্রহণ বাড়ানো এবং কার্যকর গবেষণাপদ্ধতি তৈরিতে সহায়তা করা।

এ জন্য ক্লিনিক্যাল গবেষণাসংক্রান্ত বিভিন্ন উপকরণ ও তথ্য নিয়ে একটি সমন্বিত প্যাকেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের ক্লিনিক্যাল ট্রায়ালের কেন্দ্রগুলোর তথ্য, গবেষণার নকশা ও বাস্তবায়নবিষয়ক নির্দেশনা এবং বিশেষজ্ঞদের সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে নতুন ওষুধের কার্যকারিতা যাচাই এবং প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ তৈরির কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

শিশুদের ওষুধপ্রাপ্তি বাড়াতে উদ্যোগ

শিশুদের উপযোগী ওষুধ তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না। সেসব ওষুধ যেন সব শিশুর নাগালে পৌঁছায়, তা নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যে জিএপি-এফ ডব্লিউএইচওর বিভিন্ন কারিগরি বিভাগ, সদস্যরাষ্ট্র ও অংশীদারদের সঙ্গে কাজ করছে। ওষুধপ্রাপ্তির প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং বয়স অনুযায়ী উপযুক্ত ওষুধের ব্যবহার বাড়ানো এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

২০২৬ সালের মে মাসে ডব্লিউএইচও ও জিএপি-এফের অংশীদারেরা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে শিশুদের ওষুধবিষয়ক ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি আঞ্চলিক কর্মশালার আয়োজন করে। এতে চারটি পাইলট দেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। কর্মশালায় শিশুদের ওষুধপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সেগুলো সমাধানের বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা হয়।

কর্মশালার সুপারিশ এবং দেশগুলোর শিশুদের ওষুধবিষয়ক ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা তুলে ধরে একটি প্রতিবেদনও তৈরি করা হয়েছে। এতে বৈশ্বিক অগ্রাধিকার ও গবেষণালব্ধ তথ্যকে প্রতিটি দেশের নিজস্ব প্রয়োজন অনুযায়ী কার্যক্রমে রূপ দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা রয়েছে।

সমন্বিত উদ্যোগের আহ্বান

শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধের ঘাটতি দূর করতে সরকার, গবেষক, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা, অর্থায়নকারী ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ডব্লিউএইচও পরিচালিত জিএপি-এফ এ ক্ষেত্রে বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াতে কাজ করছে।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নেটওয়ার্কটি জানিয়েছে, প্রতিটি শিশুর জন্য উপযুক্ত, মানসম্মত ও সাশ্রয়ী ওষুধ নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বৈজ্ঞানিক উদ্ভাবন ও গবেষণার সুফল যেন বিশ্বের প্রতিটি শিশুর কাছে পৌঁছায়, সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রসঙ্গত, গ্লোবাল অ্যাক্সিলারেটর ফর পেডিয়াট্রিক ফর্মুলেশনস (জিএপি-এফ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। শিশুদের জন্য উন্নত ওষুধ তৈরি ও এর ব্যবহার বাড়াতে শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাগুলোকে একত্র করে কাজ করে এই নেটওয়ার্ক।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও