২১ নভেম্বর, ২০২৬ ০৭:২৪ পিএম
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ

জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতারা।। তারা বলেছেন, সহিংসতা ও ভয়ভীতি দেখিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী মানুষকে দমিয়ে রাখা যাবে না।

আজ শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বটতলায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তারা এ আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিএমইউ শাখা এনডিএফ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন এনডিএফের ভাইস প্রেসিডেন্ট  ডা. আতিয়ার রহমান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে চিকিৎসক সমাজের অবদান ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকেরা আহত ব্যক্তিদের সেবা দিয়েছেন। হাসপাতাল, জরুরি বিভাগ ও রাজপথে গুলিবিদ্ধ এবং গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসায় দিন-রাত কাজ করেছেন তারা। ভয়ভীতি ও প্রতিকূলতা উপেক্ষা করে চিকিৎসকেরা যে মানবিক দায়িত্ব পালন করেছেন, তা অস্বীকার করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার চেয়ে রাজনৈতিক আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে অনেক যোগ্য চিকিৎসক যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন। দলীয় পরিচয়ের ভিত্তিতে অনেকে গুরুত্বপূর্ণ পদ ও সুযোগ-সুবিধা পেয়েছেন, যা চিকিৎসা পেশার মর্যাদা ও মেধাভিত্তিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

চিকিৎসকদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. আতিয়ার রহমান বলেন, চিকিৎসা পেশায় মেধা, যোগ্যতা ও পেশাগত মর্যাদা ফিরিয়ে আনতে হবে। মতপার্থক্য থাকলেও জুলাই সনদ ও শহীদদের আত্মত্যাগ চিকিৎসকদের ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

এনডিএফের জয়েন্ট সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, অগ্নিসন্ত্রাস ও সহিংসতা চালিয়ে বিপ্লবীদের মনোবল ভাঙা সম্ভব নয়। ভয়ভীতি কিংবা নাশকতার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী মানুষকে রাজপথ থেকে সরানো যাবে না।

এনডিএফ দক্ষিণ শাখার সভাপতি ডা. মারুফ শাহরিয়ার বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। অতীতের দমন-পীড়ন ও অপশাসনের রাজনীতি ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত।

এনডিএফের বিএমইউ শাখার সভাপতি ডা. ফারুক হোসাইন বলেন, গোপালগঞ্জে বিচ্ছিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে পুরো দেশকে অস্থিতিশীল করা যাবে—এমন ধারণা যারা করছেন, তারা ভুল করছেন। বিচ্ছিন্ন সহিংসতা ও নাশকতা চালিয়ে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত করা কিংবা জুলাইয়ের অর্জন ম্লান করা সম্ভব নয়।

তিনি বলেন, এনডিএফ প্রতিষ্ঠালগ্ন থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজপথ থেকে হাসপাতাল পর্যন্ত আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া এবং নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও যেকোনো সংকটে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

ডা. ফারুক হোসাইন আরও বলেন, জুলাইয়ের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রশ্নে কোনো আপস করা হবে না।

এ সময় এনডিএফের বিএমইউ শাখার সেক্রেটারি ডা. ফয়েজ উল্লাহ, অর্থ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, অফিস সম্পাদক ডা. সারোয়ার তুহিন, সংগঠনটির মহিলা বিভাগের নেত্রীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত