আগামী বছরের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্র নির্ধারণ
মেডিভয়েস রিপোর্ট: ২০২৭ সালের হজযাত্রীদের বাধ্যতামূলক টিকাদান কার্যক্রম পরিচালনায় সারা দেশে ৯০টি কেন্দ্র নির্ধারণ করেছে সরকার। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীরাই এসব কেন্দ্রে টিকা নিতে পারবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের স্বাস্থ্যনীতি ও নির্দেশনা অনুযায়ী হজযাত্রার জন্য যোগ্য বিবেচিত ব্যক্তিরাই টিকা গ্রহণ করতে পারবেন। হজযাত্রীদের টিকা নেওয়ার নির্ধারিত তারিখ পরবর্তী সময়ে তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা নিতে কেন্দ্রে যাওয়ার সময় প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রতিবেদন এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ই-হেলথ প্রোফাইল সঙ্গে রাখতে হবে।
এদিকে, নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয়। এ ছাড়া ঢাকার বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), সরকারি কর্মচারী হাসপাতাল ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে টিকা দেওয়া হবে।
হজ সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
টিকাদান কেন্দ্রের বিস্তারিত তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এমআই/