১৫ অক্টোবর, ২০২৬ ০২:৩৩ পিএম

আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে নবীন ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন সম্পন্ন

আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে নবীন ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন সম্পন্ন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে ১৩তম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে ইন্টার্ন ইনডাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের শপথ গ্রহণের পাশাপাশি হাসপাতালের নিয়ম-কানুন, পেশাগত দায়িত্ব, নৈতিকতা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। শপথ পাঠ পরিচালনা এবং নবীন ইন্টার্ন চিকিৎসকদের পরিচয় করিয়ে দেন করেন ডা. শাহনাজ আখতার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদ-দীন মেডিকেল কলেজের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. মো. হারুন আল রশীদ বলেন, আদ-দীন মেডিকেল কলেজের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে নবীন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তাঁদের সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আদ-দীন ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, মানুষের সেবা করার সুযোগ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর সৃষ্টির সেবা করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

এ সময় আদ-দীন ফাউন্ডেশনের হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতালের নিয়মাবলি, পেশাগত আচরণ ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন।

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক জামালুন্নেসা নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সামনে মানুষের সেবা করার ব্যাপক সুযোগ রয়েছে। আমি আশা রাখি নবীন চিকিৎসকেরা তাঁদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশ এবং আদ-দীনের সুনাম আরও সমুন্নত রাখবেন।’

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আদ-দীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুস সবুর চিকিৎসাসেবায় কোয়ালিটি অ্যাসুরেন্স বা মান নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করেন। তিনি রোগীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণ এবং চিকিৎসাসেবায় গুণগত মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

বিভিন্ন বিভাগের প্রধানরাও বক্তব্য দেন এবং চিকিৎসাসেবায় পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, রোগীদের প্রতি সহমর্মিতা ও সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক