দেশে প্রথমবার জাইগোমা ইমপ্লান্ট, দন্তচিকিৎসায় নতুন সম্ভাবনা
আবু নাঈম মনির: দাঁত হারানোর পাশাপাশি চোয়ালের হাড় মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হলে অনেক রোগীর জন্য কৃত্রিম দাঁত বসানোও কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে প্রচলিত ডেন্টাল ইমপ্লান্টের বাইরে অনেকেই বিকল্প চিকিৎসার সন্ধান করেন, কখনো পাড়ি দিন বিদেশে। তবে বাংলাদেশের দন্তচিকিৎসায় যুক্ত হয়েছে নতুন সম্ভাবনা। দেশে প্রথমবারের মতো সম্পন্ন হয়েছে জাইগোমা ইমপ্লান্ট নামে বিশেষায়িত অস্ত্রোপচার, যেখানে চোয়ালের হাড়ের পরিবর্তে গালের শক্ত হাড়কে ভিত্তি হিসেবে ব্যবহার করে কৃত্রিম দাঁত বসানোর সুযোগ তৈরি করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরায় ডেন্টাল এক্সিলেন্স সেন্টারে যুগান্তকারী এই সার্জারি সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর ৬৬ বছয় বয়সী আব্দুল্লাহ জাকি হাসান সুস্থ ও স্বাভাবিক আছেন।
ইউনাইটেড হাসপাতালের কনসালটেন্ট ডা. নজরুল ইসলামের নেতৃত্বে সফল এই সার্জারি সম্পন্ন হয়। এতে অংশ নেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের অর্থডোন্টিকস বিভাগের প্রধান ডা. হাসান আবিদুর রহমান, ডা. লুৎফুন নাহার, ডা. এসএম আবিরুজ্জামান আবির, ডা. ইউসুফ আব্দুল্লাহ নাবিল ও ডা. উমর শরীফ।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আশা, এই চিকিৎসার বিস্তার ঘটলে রোগীরা দেশে থেকেই তুলনামূলক সাশ্রয়ী ব্যয়ে সেবা পাবেন। পাশাপাশি দেশেই বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে দক্ষ চিকিৎসক গড়ে তোলা সহজ হবে, যা বাংলাদেশের দন্তচিকিৎসাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সফল সার্জারির বিস্তারিত তুলে ধরে ডা. নজরুল ইসলাম বলেন, আজ আমরা যে সার্জারিটি করেছি, সেটির নাম জাইগোমা ইমপ্লান্ট। সাধারণত যেসব রোগীর মুখে দাঁত নেই এবং চোয়ালের হাড় পর্যাপ্ত পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাঁদের ক্ষেত্রে প্রচলিত ডেন্টাল ইমপ্লান্ট বসানো কঠিন হয়ে পড়ে। কারণ সাধারণ ইমপ্লান্ট বসানোর জন্য চোয়ালের হাড়ে পর্যাপ্ত পরিমাণে ভিত্তি থাকা প্রয়োজন।
তিনি বলেন, এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে জাইগোমা ইমপ্লান্ট করা হয়। এই পদ্ধতিতে মুখের পেছনের দিকে অবস্থিত গালের হাড়ে (জাইগোম্যাটিক) ইমপ্লান্ট স্থাপন করা হয়। এরপর বিশেষভাবে নকশা করা দীর্ঘ ইমপ্লান্টের মাধ্যমে কৃত্রিম দাঁত বসানোর ব্যবস্থা করা হয়। এটি একটি জটিল ও বিশেষায়িত অস্ত্রোপচার, যার জন্য উন্নত দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।
দেশে প্রথমবারের মতো সফল জাইগোমা ইমপ্লান্ট
সংশিষ্টরা জানান, ‘এত দিন বাংলাদেশে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই পদ্ধতিতে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তবে আজ আমরা দেশে প্রথমবারের মতো এই জাইগোমা ইমপ্লান্টের অস্ত্রোপচার সম্পন্ন করেছি।’
এই চিকিৎসাপদ্ধতি বাংলাদেশে চালু হলে যেসব রোগীর চোয়ালের হাড় এতটাই ক্ষয়প্রাপ্ত যে প্রচলিত ইমপ্লান্ট বসানো সম্ভব নয়, তাঁদের জন্য নতুন একটি চিকিৎসার সুযোগ তৈরি হবে। জাইগোমা ইমপ্লান্টের মাধ্যমে তাঁদের মুখে স্থায়ীভাবে কৃত্রিম দাঁত বসিয়ে দাঁতের কার্যকারিতা ও হাসি ফিরিয়ে আনার সুযোগ তৈরি করা সম্ভব হবে।
চিকিৎসকরা জানান, যাঁরা দীর্ঘদিন ধরে দাঁতের অভাবে স্বাভাবিকভাবে খাওয়া, কথা বলা ও হাসার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জীবন পরিবর্তনকারী একটি চিকিৎসাপদ্ধতি হতে পারে।
জাইগোমা ইমপ্লান্টের চ্যালেঞ্জ
জাইগোমা ইমপ্লান্ট চালুর ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ডা. নজরুল ইসলাম বলেন, ‘জাইগোমা ইমপ্লান্ট করার জন্য এত দিন দেশে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ইমপ্লান্ট সহজলভ্য ছিল না। আমরা এখন সেগুলো সংগ্রহের ব্যবস্থা করেছি। ফলে এই চিকিৎসাপদ্ধতি চালুর জন্য প্রয়োজনীয় উপকরণ আমাদের হাতে রয়েছে।’
‘আরেকটি বড় চ্যালেঞ্জ হলো, অনেক মানুষ জানেন না যে বাংলাদেশেও জাইগোমা ইমপ্লান্ট করা সম্ভব। এ বিষয়ে সচেতনতা তৈরি করা জরুরি। মানুষ এই চিকিৎসার সুযোগ সম্পর্কে জানলে যাঁদের প্রয়োজন, তাঁরা দেশে থেকেই চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন। তাই জাইগোমা ইমপ্লান্ট সম্পর্কে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ’—বলেন তিনি।
দক্ষ জনশক্তি তৈরির সুযোগ
দক্ষ জনশক্তি তৈরির জন্য যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘এ লক্ষ্যে আমাদের সংগঠন ডেন্টাল ইমপ্লান্টোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিআইএবি) কাজ করছে। এই সংগঠনের মাধ্যমে আমরা ইতিমধ্যে ডেন্টিস্টদের ডেন্টাল ইমপ্লান্টের প্রাথমিক প্রশিক্ষণ দিচ্ছি। পরবর্তী ধাপে উন্নত ও বিশেষায়িত চিকিৎসাপদ্ধতির ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাঁরা প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং সাধারণ ডেন্টাল ইমপ্লান্ট করার অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁরা ধীরে ধীরে এসব উন্নত পদ্ধতির প্রশিক্ষণ নিতে পারবেন।
প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, প্রতিষ্ঠান ও সাংগঠনিক ব্যবস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, আগ্রহী চিকিৎসকদের পর্যায়ক্রমে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।
জাইগোমা ইমপ্লান্টের ব্যয় এবং বাংলাদেশে এর সম্ভাবনা
চিকিৎসকরা জানান, জাইগোমা ইমপ্লান্ট একটি ব্যয়বহুল চিকিৎসাপদ্ধতি। বিদেশে এই চিকিৎসার খরচ অনেক বেশি হওয়ায় অনেক রোগীর পক্ষে তা বহন করা কঠিন। বাংলাদেশে এই চিকিৎসা চালু করা গেলে তুলনামূলক কম খরচে রোগীদের সেবা দেওয়া সম্ভব হবে।
তারা বলেন, বাংলাদেশের অনেক রোগী সাধারণ ডেন্টাল ইমপ্লান্ট করানোর জন্য দেশে আসেন, কারণ বিদেশে এই চিকিৎসার ব্যয় অনেক বেশি। কিন্তু এত দিন জাইগোমা ইমপ্লান্টের সুযোগ দেশে না থাকায় এই চিকিৎসার প্রয়োজনে তাঁদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হতো। এখন বাংলাদেশে এই চিকিৎসার সুযোগ তৈরি হলে দেশে ও বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা বিশেষভাবে উপকৃত হবেন এবং তাঁদের চিকিৎসাব্যয় উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
বাংলাদেশে জাইগোমা ইমপ্লান্টের খরচ
সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে জাইগোমা ইমপ্লান্টের ক্ষেত্রে এক জোড়া ইমপ্লান্টের খরচ আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকা হতে পারে। তবে প্রকৃত ব্যয় রোগীর অবস্থা, চিকিৎসার ধরন এবং প্রয়োজনীয় উপকরণের ওপর নির্ভর করবে। সব মিলিয়ে, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, দক্ষ জনশক্তি তৈরি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে জাইগোমা ইমপ্লান্টের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ করা সম্ভব।
দেশে নতুন সম্ভাবনার সূচনা
ডা. নজরুল ইসলাম বলেন, ‘যেকোনো নতুন চিকিৎসাপদ্ধতির বিকাশের জন্য প্রথমে সেটি শুরু করা জরুরি। শুরু না হলে এর বিস্তার ঘটবে না এবং যাঁদের এই চিকিৎসার প্রয়োজন, তাঁরাও সেবা থেকে বঞ্চিত হবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে জাইগোমা ইমপ্লান্টের যাত্রা আজ শুরু হলো। এখন ধীরে ধীরে এই চিকিৎসাপদ্ধতি বিস্তৃত হবে। আমার পাশাপাশি অন্য চিকিৎসকেরাও এ পদ্ধতিতে কাজ শুরু করবেন এবং এর মাধ্যমে রোগীরা উপকৃত হবেন।
‘এক সময় বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করানোর জন্য অনেক রোগীকে ভারতে যেতে হতো। কিন্তু বর্তমানে দেশে এই চিকিৎসার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এই উদাহরণ থেকে বোঝা যায়, কোনো চিকিৎসাপদ্ধতি দেশে চালু হলে সময়ের সঙ্গে সঙ্গে তার সক্ষমতা ও পরিসর বাড়তে পারে। জাইগোমা ইমপ্লান্টের ক্ষেত্রেও আমরা তেমন সম্ভাবনা দেখছি।’
চার-পাঁচ বছরের সাধনার ফল
ডা. নজরুল ইসলাম বলেন, ‘আমি প্রায় চার থেকে পাঁচ বছর ধরে এই চিকিৎসাপদ্ধতি দেশে চালু করার চেষ্টা করে আসছি। কিন্তু প্রয়োজনীয় ইমপ্লান্ট, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণের অভাবে এত দিন তা সম্ভব হয়নি। এখন সেসব সীমাবদ্ধতা কাটিয়ে কাজটি শুরু করতে পেরেছি। এ জন্য আমি সীমাহীন আনন্দিত। বাকিটা আল্লাহর ওপর ভরসা।’
নবীনদের কম খরচে দক্ষতা অর্জনের সুযোগ
এ প্রসঙ্গদের নিজের অভিজ্ঞতা তুলে ধরে ডা. নজরুল ইসলাম বলেন, ‘জাইগোমা ইমপ্লান্টের প্রশিক্ষণ নিতে আমাকে বিভিন্ন দেশে যেতে হয়েছে। ভারত, স্পেন ও সিঙ্গাপুরে প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এই চিকিৎসাপদ্ধতিতে দক্ষতা অর্জনের জন্য একটি প্রশিক্ষণই যথেষ্ট নয়; বিভিন্ন ধাপে ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন হয়।
তিনি আরও বলেন, বিদেশে এসব প্রশিক্ষণ নিতে যথেষ্ট অর্থ ব্যয় করতে হয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা গেলে তাঁদের তুলনামূলক কম খরচে এই দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।এতে বিদেশে যাওয়ার ব্যয় ও অন্যান্য জটিলতা কমবে এবং দেশে দক্ষ জনশক্তি তৈরির পথ সহজ হবে। সেটি হবে একটি বড় অর্জন।’
প্রধান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা
জাইগোমা ইমপ্লান্ট চালুর ক্ষেত্রে আমাদের প্রধানত দুটি চ্যালেঞ্জ ছিল। প্রথমত, বাংলাদেশে এই চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইমপ্লান্ট, বিশেষায়িত যন্ত্রপাতি ও উপযুক্ত সেটআপ সহজলভ্য ছিল না। এসব উপকরণ ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করতে হয়েছে, যা বেশ ব্যয়বহুল ছিল। এই সীমাবদ্ধতার কারণে এত দিন চিকিৎসাপদ্ধতিটি চালু করা সম্ভব হয়নি।
দ্বিতীয়ত, রোগীদের মধ্যে এই চিকিৎসাপদ্ধতি সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। অনেকেই জানেন না যে বাংলাদেশে জাইগোমা ইমপ্লান্টের মাধ্যমে তাঁদের চিকিৎসার সুযোগ তৈরি হতে পারে। তাই এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি, যাতে যাঁদের এই চিকিৎসা প্রয়োজন, তাঁরা এর সুযোগ সম্পর্কে জানতে পারেন এবং উপকৃত হতে পারেন।
এই দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে বাংলাদেশে জাইগোমা ইমপ্লান্টের চিকিৎসাসেবা ধীরে ধীরে বিস্তৃত হবে বলে আশা করছি। আমাদের লক্ষ্য হলো, রোগীরা যেন দেশে থেকেই উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ পান এবং ভবিষ্যৎ চিকিৎসকেরাও এই বিশেষায়িত পদ্ধতিতে দক্ষতা অর্জন করতে পারেন।
এমইউ/