০১ অক্টোবর, ২০২৬ ১২:৪৫ পিএম

৪৯তম বিসিএসে ইতিহাস বিভাগে প্রথম হয়েও গেজেটে নাম নেই ঢাবির সোহেল রানার

৪৯তম বিসিএসে ইতিহাস বিভাগে প্রথম হয়েও গেজেটে নাম নেই ঢাবির সোহেল রানার
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম হয়েও চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. সোহেল রানা। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাঁর নাম আসেনি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।’

জানা গেছে, শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম হওয়া সোহেল রানা নীলফামারী জেলা সদরের সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃতি সন্তান। ঢাবির ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। কৃষক আবু হোসেন ও গৃহিণী সাহিদা বেগমের চতুর্থ সন্তান তিনি।

সোহেল রানা ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সিজিপিএ ৩.৫৪ পেয়ে স্নাতক এবং ২০২১ সালে একই বিভাগ থেকে সিজিপিএ ৩.৫৬ পেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এর আগে তিনি ২০১৪ সালে সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯২ পেয়ে উত্তীর্ণ হন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা যায়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জনকে সাময়িকভাবে সুপারিশ করলেও চূড়ান্ত প্রজ্ঞাপনে ৬১১ জনের নাম প্রকাশ করে। এতে সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন মোট ৫৭ জন চাকরিপ্রার্থী। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অংশ না নেওয়া ১০ জন এবং পিএসসি কর্তৃক বহিষ্কৃত ২ জন বাদে বাকি ৪৫ জন নিয়োগযোগ্য প্রার্থী মূলত ভেরিফিকেশন জটিলতায় বাদ পড়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ভেরিফিকেশনে বাদ পড়া এই ৪৫ জন চাকরিপ্রার্থীর মধ্যে অর্ধেকের বেশিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টির অন্তত ১৫ জন প্রার্থীর নাম জানা গেলেও ভুক্তভোগীদের তথ্যমতে এই সংখ্যা ৩০ থেকে ৩৫ জনে পৌঁছাবে।

এদের মধ্যে হিসাববিজ্ঞানে প্রথম আহমাদ উল্লাহ নাহিদ, সমাজকল্যাণে প্রথম আব্দুল্লাহ আল মামুন বেলাল, ইসলামিক স্টাডিজে প্রথম মো. জাহিদুল ইসলাম নাঈম, ফিন্যান্সে পঞ্চম মো. নূরনবী শেখ ও প্রাণিবিদ্যায় ১৪তম নাজমুল হোসাইন প্রান্তসহ শীর্ষ মেধাবীদের অনেকেরই জায়গা হয়নি গেজেটে।

বাদ পড়া প্রার্থীদের বড় অংশই কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার দাবি করেছেন, এমনকি অনেকে জুলাই আন্দোলনে সক্রিয় থাকার পরও এমন বঞ্চনার শিকার হয়েছেন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত