৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০০ পিএম

স্বপ্নে পাওয়া পদ্ধতিতে রোগ সারানোর দাবি কবিরাজের, আস্থায় নিয়ে নিজ এলাকায় চিকিৎসার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

স্বপ্নে পাওয়া পদ্ধতিতে রোগ সারানোর দাবি কবিরাজের, আস্থায় নিয়ে নিজ এলাকায় চিকিৎসার ব্যবস্থা করলেন সংসদ সদস্য
কবিরাজ জয়নাল। ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: হাতে তেল নিয়ে কণ্ঠে ছুঁয়ে দিলেই কথা বলতে পারেন বাকপ্রতিবন্ধী মানুষ, আবার আল্লাহর নাম নিয়ে সূরা-কালাম পড়ে তেল মালিশ করলেই সচল হচ্ছে অচল হাত—এমন নানা দাবি করে রোগীদের চিকিৎসা দিচ্ছেন মানিকগঞ্জের কবিরাজ জয়নাল। স্বপ্নে পাওয়া বিশেষ পদ্ধতিতে কঠিন রোগ নিরাময়ের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত চিকিৎসার ভিডিও প্রকাশ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার চিকিৎসার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই তার কাছে ভিড় করছেন বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ।

সম্প্রতি গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানও তাকে নিজ এলাকায় নিয়ে গিয়ে এ ধরনের চিকিৎসা করিয়েছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জয়নাল ব্লগার ০২’ নামে একটি প্রোফাইলে নিয়মিত চিকিৎসার বিভিন্ন ভিডিও আপলোড করেন জয়নাল। ওই প্রোফাইলে প্রায় সাত লাখ অনুসারী রয়েছে বলে দেখা যায়। ভিডিওগুলোতে তাকে রোগীদের পানি পড়া ও তেল পড়া দেওয়ার পাশাপাশি তেল দিয়ে শরীরের বিভিন্ন অংশে মালিশ করতে দেখা যায়। এসব ভিডিওতে কঠিন রোগে আক্রান্ত রোগীদের সুস্থ করে তোলার বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

কবিরাজ জয়নাল তার ভিডিওতে বলেন, আল্লাহর রহমতে, আল্লাহর অসীম রহমতে রোগীরা সুস্থ হচ্ছে। তার দাবি, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ নিজেদের তেল ও পানি নিয়ে তার কাছে আসেন। কোনো ওষুধ ছাড়াই রোগীদের রোগমুক্ত করতে পারেন বলেও দাবি করেন তিনি।

তার কাছে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের কয়েকজনও নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এক রোগীর স্বজন বলেন, আল্লাহর ওয়াস্তে আমি চার-পাঁচটা দেখছি, ভালো হইছে, সুস্থ হইছে। এহন আমার নাতিন নিয়া আসছি, ভালো করার জন্য।

আরেক রোগী বলেন, ‘চোখের সামনে একটা রোগী ভালো হইছে। নিজে চোখে দেখলাম বোবা, কানে শোনে না, স্ট্রোক করা রোগী, বাত-ব্যথার—সব ভালো হইতেছে। আমরা তো অন্ধের মতো এখানে আইসা পড়ি। শুনলাম যে ভালো হয় বলে।’

এক নারী বলেন, ‘এনে তো আমরা শুনছি যে সবাই ভালো হইছে, সেজন্যে আসছি আমরা। আমার এই কানের সমস্যা আর মেরুদণ্ডের হাড় ভাঙছে, মাথায় গাড়ির স্টিল রড ফিক্যা (ছুঁড়ে) মারছে, কানে শুনি না আমি।’

তিনি আরও বলেন, ‘ভিডিওতে দেখি তো ভালোই হয়। এই বাবু জন্ম থেইকা কানে শোনে না এবং চোখে কম দেখে। তো এইজন্য নিয়ে আসলাম। সকাল থেইকা আইসা এই যে সিরিয়ালে রইছি, এখনো বিশ্বাস করতে পারতেছি না।’

জয়নালের দাবি, আধুনিক চিকিৎসাব্যবস্থায় সমাধান না পাওয়া রোগীরাও তার কাছে এসে উপকার পাচ্ছেন। এমনকি অনেক চিকিৎসকও তার কাছে চিকিৎসা নিতে আসেন বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘আধুনিক যুগে কবিরাজ বিশ্বাস করে অনেক ডাক্তারও কিন্তু আমার চিকিৎসা নিচ্ছে ইতিমধ্যে। দেখছি ইতিমধ্যে বড় এলিট পারসন লোকেরাও কিন্তু আমার চিকিৎসা নিয়েছে। আমি তার নাম বলছি না। আপনারা আমার ফেসবুকে গেলে পরেই বুঝতে পারবেন কে কে চিকিৎসা নিচ্ছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, এই কবিরাজ জয়নালের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। তার কাছে চিকিৎসা নিতে মানুষের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। কেউ বসে, কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছেন। নানা বয়সী মানুষের ভিড়ে পুরো এলাকা সরগরম হয়ে উঠছে। তাদের মধ্যে কেউ হুইলচেয়ারে, আবার কেউ স্বজনের কাঁধে ভর করে চিকিৎসার অপেক্ষায় রয়েছেন।

তবে তেল-পানি পড়া বা ঝাড়ফুঁকের মাধ্যমে এ ধরনের রোগ নিরাময়ের দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল আজিজ।

এ বিষয়ে জানতে চাইলে তিনি মেডিভয়েসকে  বলেন, ‘এগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। জয়নালের চিকিৎসা কার্যক্রমের বিষয়ে আমরা খোঁজ নেব। যদি সত্যিই ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে, তাহলে বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, গত দুই-তিন দিন ধরে ফেসবুকে বিষয়টি দেখছি। তবে তিনি যে মানিকগঞ্জের, সেটা জানতাম না। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখব। যদি সত্যিই এ ধরনের কার্যক্রম হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘কবিরাজি চিকিৎসায় যদি গাছগাছড়া বা ভেষজ উপাদান ব্যবহার করা হয়, সেগুলোর কিছু ঔষধি গুণ থাকতে পারে। কিন্তু ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এ ধরনের চিকিৎসায় রোগ ভালো হয়—এমন নির্ভরযোগ্য প্রমাণও নেই। যদি এ ধরনের কার্যক্রম হয়ে থাকে, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক