১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৪ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার তাগিদ ইউজিসির

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি শূন্যে নামিয়ে আনার তাগিদ ইউজিসির
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং অডিট আপত্তির সংখ্যা শূন্যে নামিয়ে আনার ওপর সর্বোচ্চ জোর দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশন জানিয়েছে, পুরোনো আপত্তিগুলো নিষ্পত্তির পাশাপাশি ভবিষ্যতে যেন নতুন কোনো আর্থিক অসঙ্গতি না ঘটে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ইউজিসি অডিটোরিয়ামে ইউজিসি আয়োজিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালায় দেশের ৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর অডিট আপত্তি বাড়ছে, যা চলতি বছর আরও বেশি। এসব বিষয় প্রকাশ্যে এলে জনগণের মধ্যে বার্তা যায় যে সরকারি অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে না। আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে অডিট আপত্তি শূন্যের কোঠায় নামিয়ে আনা।’

স্বায়ত্তশাসন ও আর্থিক শৃঙ্খলার ভারসাম্য নিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক স্বাধীনতা থাকা জরুরি হলেও দেশের বাস্তবতায় প্রতিষ্ঠানগুলো মূলত একাডেমিক স্বাধীনতাই ভোগ করে থাকে। আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে নিজস্ব উদ্যোগে অর্থ সংস্থানের পাশাপাশি সরকারি বরাদ্দের প্রতিটি পয়সা বিধিবিধান মেনে স্বচ্ছতার সঙ্গে ব্যয় ও প্রমাণ করতে হবে। নিয়োগ, পদোন্নতি ও সাংগঠনিক সংস্কারে নিয়মের ব্যত্যয় না ঘটাতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন তিনি।

কর্মশালার সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন জানান, দেশে অনুমোদিত ৬০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে ৫৭টির কার্যক্রম চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর যৌক্তিক আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি সরকারি আইন ও বিধি কঠোরভাবে অনুসরণের মাধ্যমে সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন অর্থ, হিসাব ও বাজেট বিভাগের উপপরিচালক মো. এমদাদুল হক। এ ছাড়া ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালার বিভিন্ন টেকনিক্যাল সেশন পরিচালনা করেন।

কর্মশালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি প্রতিনিধি দল অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের নেতৃত্বে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক খন্দকার শফিকুল হাসান (রতন) এবং অতিরিক্ত পরিচালক মো. নাছির উদ্দিন ভূঁইয়া।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক