দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন
মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগজনিত সম্পর্কের কোনো স্বেচ্ছাদাতার কাছ থেকে সংগৃহীত কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসকরা।
এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএমইউ’র ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, আইনি প্রক্রিয়া ও নীতিমালা মেনে এখন থেকে কেবল পরিবারের সদস্য বা নিকটাত্মীয়ই নন; বরং রোগীর সঙ্গে গভীর আবেগগত সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরাও স্বেচ্ছায় কিডনি দান করতে পারবেন। তবে এক্ষেত্রে কেন ওই ব্যক্তি কিডনি দিচ্ছেন, রোগীর সঙ্গে তার আবেগগত ভিত্তি কতটা শক্তিশালী তা যাচাই-বাছাই করা হবে। একই সঙ্গে সব ধরনের আইনি বিষয় পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অঙ্গ কেনাবেচা রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, কোনো অবস্থাতেই কিডনি দাতা ও গ্রহীতার মধ্যে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। এটি সম্পূর্ণরূপে একটি আবেগগত ও মানবিক সিদ্ধান্ত হতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি ও প্রযুক্তিগত নানা জটিলতায় এতদিন বিএমইউতে কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে কিছুটা ধীরগতি ছিল। তবে এখন থেকে এই সেবা নিয়মিতভাবে সাধারণ রোগীদের দেওয়া হবে।
চিকিৎসকরা আরও জানান, বিএমইউতে এ পর্যন্ত সফলভাবে ছয়টি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।
জেএইচ/
-
১৯ সেপ্টেম্বর, ২০২৬
-
২৩ ডিসেম্বর, ২০২৪
-
১৫ জুলাই, ২০২৪
-
১২ মে, ২০২৪
-
০৩ এপ্রিল, ২০২৪