১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:২৬ পিএম

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ বর্ষা ও মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, পরিবেশ পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও রোগবালাইমুক্ত রাখা সবার নৈতিক দায়িত্ব। ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’—এই নীতিকে সামনে রেখে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বর্ষা ও মৌসুমি রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে চারপাশ পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই।

নির্দেশনায় চসিকের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল, ইনস্টিটিউট, মিডওয়াইফারি প্রতিষ্ঠান, নগর স্বাস্থ্যকেন্দ্র, দাতব্য চিকিৎসালয় ও টিকাদান কেন্দ্রের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতি শনিবার বিশেষ অভিযান পরিচালনার কথা বলা হয়েছে।

এ জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, সব জোনাল মেডিকেল অফিসার, ইনচার্জ, অধ্যক্ষ ও মেডিকেল কর্মকর্তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

চসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসেও কার্যক্রম চালানো হচ্ছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ বিভিন্ন মৌসুমি রোগের প্রকোপ বাড়ার আশঙ্কায় এসব কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে নগরবাসীর মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব হবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক