১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৩ পিএম

কঙ্গোয় স্কুলে আগুন, ২৯ শিক্ষার্থী নিহত 

কঙ্গোয় স্কুলে আগুন, ২৯ শিক্ষার্থী নিহত 
ডিআর কঙ্গোয় আগুনে ক্ষয়ক্ষতির দৃশ্য। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী-নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ আগুনে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কঙ্গোর কিভু প্রদেশের রাজধানী বুকাভুর চিমপুন্ডা এলাকায় এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন দুটি স্কুল ও আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।

বুকাভু শহর নিয়ন্ত্রণকারী কঙ্গোর বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর (এএফসি-এম২৩) মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন, যাদের অনেকের অবস্থাই গুরুতর।

জাতিসংঘ পরিচালিত সম্প্রচারমাধ্যম রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা উজামা প্রাইমারি স্কুল, ফুরাহা সেকেন্ডারি স্কুল এবং আশপাশের একটি বসতিতে ছড়িয়ে পড়ে। আগুন ও ধোঁয়ার কারণে বহু শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হয়।

দক্ষিণ কিভুর উপ-গভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে গণমাধ্যমকে জানান, আগুনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের তৈরি ঘর পুড়ে গেছে।

এএফসি-এম২৩ এর তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ২১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গুরুতর আহত ১৭ জন কাদুতু জেনারেল হাসপাতালে এবং চারজন বুকাভু প্রাদেশিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় একটি ক্লিনিকের নার্স ক্রিস্টোফ জিগাশানে জানান, তাদের চিকিৎসাকেন্দ্রে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষককে আনা হয়েছিল। অধিকাংশই ধোঁয়ার কারণে গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েকজন ঘটনাস্থলেই মারা যান, আর কয়েকজন হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান।

উল্লেখ্য, খনিজ সম্পদসমৃদ্ধ পূর্ব ডিআর কঙ্গোর বিস্তীর্ণ এলাকা দখলের অভিযানের অংশ হিসেবে রুয়ান্ডা-সমর্থিত এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সরকারি বাহিনীকে হটিয়ে বুকাভু শহর নিয়ন্ত্রণ করছে।

এএফসি/এম২৩ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল দ্রুত মোতায়েন করা হয়েছিল এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার তদন্ত চলমান রয়েছে।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও