২৯ অগাস্ট, ২০২৬ ১২:৪১ পিএম

নেপালে ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৬২৬, এখনও নিখোঁজ ২,৪২৬

নেপালে ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৬২৬, এখনও নিখোঁজ ২,৪২৬
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নেপালে গত বুধবার (২৬ আগস্ট) আঘাত হানা ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও ২ হাজার ৪২৬ জন নিখোঁজ রয়েছেন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির সর্বশেষ হালনাগাদে বলা হয়েছে, আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত ৪ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১০১ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজদের তালিকায় ২৭ জন পুলিশ সদস্যও রয়েছেন।

তল্লাশি, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সারা দেশে মোট ১৫ হাজার ২২৪ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে হালনাগাদে জানানো হয়েছে।

আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত পুলিশ ৬১৬টি মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে চিতওয়ানে ২৩৩টি, পূর্ব নাওয়ালপারাসিতে ১৫৮টি, গোর্খায় ৪৮টি, পশ্চিম নাওয়ালপারাসিতে ৪৭টি, ধাদিংয়ে ৪৫টি, নুয়াকোটে ৪১টি, তানাহুনে ৩১টি এবং রাসুয়ায় ১৩টি মরদেহ পাওয়া যায়। সারা দেশের মোট মৃতের সংখ্যা ৬২৬-এ পৌঁছেছে বলে জানানো হয়েছে এনডিআরআরএমএ থেকে।

ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পুরোদমে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের সন্ধান ও বন্যায় আটকে পড়াদের উদ্ধারে পুলিশ স্থানীয় বাসিন্দা ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ কার্যক্রম তরান্বিত করতে ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলো পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে।

গত বুধবার (২৬ আগস্ট) সকালে উত্তর নেপালের রাসুয়া ও আশপাশের জেলাগুলোতে আকস্মিক এই বন্যা আঘাত হানে। প্রচণ্ড বেগে ছুটে আসা পাহাড়ি ঢল ও ধ্বংসস্তূপ ভোটকোশি এবং ত্রিশূলি নদীতে গিয়ে পড়ে। এর ফলে নদীর দুই কূল উপচে বাড়িঘর, সেতু, রাস্তাঘাটসহ বহু অবকাঠামো ভেসে যায় এবং বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

উদ্ধারকারী দলগুলো আরও দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে, ফলে উদ্ধারকাজ এগোলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও