চিকিৎসকদের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার দুই
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হকের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-ওয়ারী বিভাগ।
শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর শনির আখড়া ও নিকুঞ্জ-২ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো—সানি সাহা (৩৮) ও ফাতিন ইসরাক লাবিব (২০)।
আজ রোববার (২৩ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
যেভাবে হামলা ও চাঁদাবাজির ঘটনা ঘটে
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই ধানমন্ডিতে অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হকের গাড়ি গতিরোধ করে হুমকি দেয় দুর্বৃত্তরা। এর কিছুদিন পর ডা. আসাদুর রহমানের কাছে ফোন করে ১৫ হাজার মার্কিন ডলার (১৮ লাখ ৩৫ হাজার ১০০ টাকা) চাঁদা দাবি করা হয়।
পরবর্তীতে গত ১৭ আগস্ট রাতে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে বের হয়ে সিএনজিতে ওঠার সময় ডা. আসাদুর রহমানের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। এ সময় তাকে সিএনজি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করে ডান চোখসহ শরীরে গুরুতর জখম করা হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জীবন ওরফে আদিল নামের এক হামলাকারীকে আটক করে। পরবর্তীতে এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হলে ডিবি পুলিশ মূল চক্রকে ধরতে তদন্ত শুরু করে।
তদন্ত ও অপরাধের নেপথ্য কারণ
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তার সানি সাহা সিঙ্গাপুরে থাকা অবস্থায় মানি লন্ডারিং চক্রের ফাঁদে পড়ে প্রায় পাঁচ কোটি টাকা খোয়ায়। পরবর্তীতে দেশে ফিরে ক্ষতি পুষিয়ে নিতে সমাজের উচ্চবিত্ত ব্যক্তিদের লক্ষ্য করে অপরাধ চক্র গড়ে তোলে।
পরিকল্পনা অনুযায়ী, সমাজের প্রভাবশালী ও ধনকুবেরদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ের দায়িত্ব পায় সানি। সে অনুযায়ী দুই সিনিয়র চিকিৎসককে টার্গেট করা হয় এবং ভাড়াটে ক্যাডার দিয়ে তাদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে সানি সাহা এক লাখ টাকার বিনিময়ে ফাতিন ইসরাক লাবিব নামের এক তরুণকে সদস্য সংগ্রহের দায়িত্ব দেয়। লাবিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আবু বকর (১৮), রাতুল (১৯), ইবান (২২), জীবন (২১) এবং সাব্বির (১৮) নামের স্থানীয় পাঁচজনকে ভাড়ায় এনে চিকিৎসকের ওপর হামলাটি পরিচালনা করে। এদের মধ্যে ইবান (২২) ও জীবনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, হামলায় অংশ নেয়া বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত সানি সাহা ও লাবিবের বিরুদ্ধে ভাটারা থানায় পৃথক অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
জেএইচ/