১৬ অগাস্ট, ২০২৬ ১২:৫৫ পিএম

ঢাবির ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফারুকের মৃত্যু

ঢাবির ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফারুকের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের ফার্মেসি শিক্ষা ও গবেষণার অন্যতম পথপ্রদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক ইন্তেকাল করেছেন। গত ১৩ আগস্ট নিউইয়র্কে স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  

তাঁর জানাজা আজ রোববার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ফারুকের লাশ আজ সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাঁর লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার ভবনের সামনে নেওয়া হবে। সেখানে তাঁর সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হবে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

অধ্যাপক আ ব ম ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক ও সাবেক ডিন ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য এবং শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। জিয়া হলের প্রভোস্ট হিসেবেও দুইবার দায়িত্ব পালন করেন তিনি।

ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ওষুধ প্রযুক্তি, জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিয়ে গবেষণা এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অধ্যাপক ফারুক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবন শেষে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফার্মেসি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

তার মৃত্যুতে দেশের ফার্মাসিস্ট, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে অধ্যাপক ফারুক শুধু শিক্ষক ও গবেষকই ছিলেন না, ছিলেন অভিভাবক, মেন্টর ও পথপ্রদর্শক।

শিক্ষা, গবেষণা ও ফার্মেসি পেশার উন্নয়নে তার দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া এবং জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক