১৬ অগাস্ট, ২০২৬ ১১:৫৭ এএম

মুগদা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলায় এনডিএফের নিন্দা

মুগদা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলায় এনডিএফের নিন্দা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ (মুমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

শনিবার (১৬ আগস্ট) সংগঠনটির অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে এ হামলার ঘটনা ঘটে। আইসিইউতে শয্যা না পাওয়া এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় থাকা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় চিকিৎসকের কক্ষে হামলার চেষ্টা, দরজায় আঘাত এবং অনারারি মেডিকেল অফিসার ডা. মো. মোশাররফ হোসেন ও এক ওয়ার্ড বয়কে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধর করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এনডিএফের নেতৃবৃন্দ বলেন, একজন রোগীর মৃত্যু স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তবে কোনো পরিস্থিতিতেই চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা এবং হাসপাতালের সম্পদ ভাঙচুর গ্রহণযোগ্য নয়। চিকিৎসায় অবহেলার অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যেতে পারে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

দেশের সব হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত