১৩ অগাস্ট, ২০২৬ ১১:১২ এএম

সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত: হাতিয়ায় ফেরি চলাচল বন্ধ

সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত: হাতিয়ায় ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি, সি-ট্রাকসহ সব ধরনের নৌ চলাচল আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বন্ধ রয়েছে। এতে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে যাত্রী এবং পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে চলাচলকারী ফেরি মহানন্দার ব্যবস্থাপক মো. ফয়সাল বলেন, ‘৩ নম্বর সিগন্যাল এবং নদীতে ঢেউ অনেক বেশি থাকায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। সিগন্যাল উঠে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।’

চেয়ারম্যান ঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন বলেন, ‘বুধবার দুপুরে ফেরি মহানন্দা নলচিরা ঘাট থেকে ফিরে চেয়ারম্যান ঘাটে যাত্রী ও যানবাহন নামানোর পর নদীতে নোঙর করে রাখা হয়েছে। যার কারণে ঘাটে হাতিয়া অভিমুখী পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন লেগে আছে।’

এ ছাড়া দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা আটকা পড়েছেন। ঘাটে ভালো আবাসিক হোটেল বা শৌচাগার না থাকায় যাত্রী ও পরিবহনের চালক, সহকারীদের সীমাহীন কষ্ট করতে হচ্ছে বলে জানান তিনি।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

জেলা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাইজদী শহরে ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান তিনি।

এর আগে বুধবার (১২ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে তিন নম্বর সতর্ক সংকেতের বিষয়টি জানায়। এর প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা থাকায় সব সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত