ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২০১ জন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, বরিশাল বিভাগে ৭৫ জন, খুলনা বিভাগে ৮৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ১৫৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার নয় জন।
সবশেষ ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুসহ এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ১০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ৪১৩ জন।
এনএইচ/