অধ্যাপক হলেন চার মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষ
মেডিভয়েস রিপোর্ট: দেশের চারটি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অধ্যাপক (চলতি দায়িত্ব) প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অধ্যক্ষের পাশাপাশি নিজ নিজ বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবেও দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. জুলফিকার আলীকে অধ্যক্ষ ও অধ্যাপক (চলতি দায়িত্ব), অর্থোপেডিক সার্জারি; ঢাকা ডেন্টাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আব্দুল আউয়ালকে অধ্যক্ষ ও অধ্যাপক (চলতি দায়িত্ব), প্রোস্টোডনটিক্স; কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোহাম্মদ মুজিবুল হককে অধ্যক্ষ ও অধ্যাপক (চলতি দায়িত্ব), পেডিয়াট্রিক্স এবং কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমানকে অধ্যক্ষ ও অধ্যাপক (চলতি দায়িত্ব), কার্ডিওলজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ জুন জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই চার চিকিৎসককে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তারা অধ্যাপকের চলতি দায়িত্বও পেলেন।
এনএইচ/