মানসম্মত ডায়াগনস্টিক সেবা নিশ্চিতে সরঞ্জাম-রিয়েজেন্ট-জনবল নিয়ে আপস নয়: হালিমুজ্জামান
মেডিভয়েস রিপোর্ট: মানসম্মত সেবা বজায় রাখতে ডায়াগনোস্টিক সেবার ক্ষেত্রে সঠিক সরঞ্জাম, মানসম্মত রিয়েজেন্ট এবং দক্ষ জনবলের বিষয়ে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বাপি) মহাসচিব মো. হালিমুজ্জামান।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর ‘সন্ধানী লাইফ টাওয়ারে’ হেলথকেয়ার ডায়াগনোস্টিক সেন্টার লিমিটেডের দ্বিতীয় ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গুণগত মান হেলথকেয়ারের মূল শক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘কোয়ালিটি মানে শুধু প্রোডাক্টের কোয়ালিটি নয়, এর সাথে সেবার মানও জড়িত। ডায়াগনোস্টিক সেন্টারের ক্ষেত্রে সঠিক সরঞ্জাম, মানসম্মত রিয়েজেন্ট এবং দক্ষ জনবল—এই তিনটি নিশ্চিত করা ম্যানেজমেন্টের প্রধান দায়িত্ব এবং এ বিষয়ে আমরা কোনো আপস করিনি। গুণগত মান অক্ষুণ্ণ রাখার কারণেই তাদের প্রতিষ্ঠানটি দ্রুত মানুষের আস্থা অর্জন করতে পেরেছে।’
হালিমুজ্জামান বলেন, ‘কোয়ালিটি ফার্স্ট—এই নীতি বজায় রাখার কারণেই আমরা খুব অল্প সময়ে দেশের চতুর্থ বৃহত্তম কোম্পানিতে পরিণত হয়েছি এবং ইনশাল্লাহ সামনে আরও এগিয়ে যাব। আমরা পুরো প্রক্রিয়াটি দক্ষ প্রফেশনালদের হাতে ছেড়ে দিয়েছি যেন টেস্ট বা সেবার মানের জায়গায় বিন্দুমাত্র কমপ্রমাইজ না হয়।’
নতুন শাখা চালুর মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের সেবা প্রাপ্তি আরও সহজ হলো বলেও জানান তিনি।
হালিমুজ্জামান বলেন, ‘ব্যবসায়িক মুনাফাকে দ্বিতীয় সারিতে রেখে সাধারণ মানুষের সেবা করাকেই আমরা মূল লক্ষ্য হিসেবে নিয়েছি। আন্তর্জাতিক মানের ডায়াগনোস্টিক সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। নতুন এই ইউনিটে সর্বাধুনিক প্রযুক্তি, দ্রুত ও নির্ভুল রিপোর্টিং ব্যবস্থা এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।’
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক উম্মেল খায়রে ফাতেমা খান মজলিশ বলেন, ‘সঠিক ও নির্ভুল রোগ নির্ণয় ছাড়া কোনো রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব নয়। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস যেভাবে দেশের ওষুধ শিল্পে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে, ঠিক একইভাবে হেলথকেয়ার ডায়াগনস্টিককেও নির্ভরযোগ্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’
অন্যান্য বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে আধুনিক চিকিৎসাসেবায় সঠিক ও সময়োপযোগী রোগ নির্ণয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন জাহান আখতার এবং ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুখলাসুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক নাঈম এমডি জুনায়েদ, মো. মোকাররম হোসেন, নির্বাহী পরিচালক এম. এইচ. এম. মুর্তজা, মো. হাফিজুর রহমান ও সহযোগী পরিচালক মো. শামীম ফেরদৌসসহ দেশের বিশিষ্ট চিকিৎসকমণ্ডলী, বিভিন্ন করপোরেট ব্যক্তিত্ব ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমইউ/