০৮ জুলাই, ২০২৬ ১২:৩২ পিএম

সাপে কাটা রোগীর মৃত্যু, স্বাস্থ্য সহকারীর ওপর স্বজনদের সংঘবদ্ধ হামলা

সাপে কাটা রোগীর মৃত্যু, স্বাস্থ্য সহকারীর ওপর স্বজনদের সংঘবদ্ধ হামলা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের (স্যাকমো) ওপর হামলার অভিযোগ উঠেছে মৃতের স্বজনদের বিরুদ্ধে।

সাপে কাটা এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া গ্রামের রমিছা বেগম (৫৫) সাপের দংশনে অসুস্থ হয়ে সোমবার (৬ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, সময়মতো সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) না দেওয়ায় তার মৃত্যু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে নিহতের স্বজনরা হাসপাতালে এসে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুজ্জামানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উপজেলার বালিজুড়ি ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক ও নিহতের ছোট ভাই শরীফ উদ্দিন তার ওপর শারীরিক হামলা চালান। স্বাস্থ্য সহকারীকে রক্ষা করতে এগিয়ে এলে হাসপাতালের কয়েকজন কর্মচারীও মৃতের স্বজনদের হামলার শিকার হন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, ‌‘রোগীর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেননি। তবে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কর্তব্যরত স্বাস্থ্য সহকারীর ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় গণমাধ্যমকে বলেন, ‘কর্তব্যরত সাস্থ্যকর্মীর ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক