মন্ত্রিসভার দুই কমিটির সদস্য হলেন সমাজকল্যাণমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনকে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে সরকার।
রোববার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
এতে আরও বলা হয়, ‘কমিটি দুটির কার্যপরিধি ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের ১২ মে ২০২৬ তারিখের ০৪.০০,০০০০,০০০,৬১১,০৬,০০০২,২৬.১০৭ও ১০৮ স্মারকের অনুবৃত্তিক্রমে এ আদেশ জারি করা হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির প্রজ্ঞাপনে সই করেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এমইউ/