১১ জুলাই, ২০২৬ ০৩:৪১ পিএম

​বরিশালের নতুন স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগে মানববন্ধন

​বরিশালের নতুন স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগে মানববন্ধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ​বরিশালের নবনিযুক্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগে মানববন্ধন হয়েছে।

বরিশালের সচেতন নাগরিক সমাজের ব্যানারে ​আজ শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন মেডিকেল কলেজের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একাংশসহ সেবাগ্রহীতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. মনিরুজ্জামান শাহিনের পেশাগত দক্ষতা, সততা এবং করোনাকালীন দুর্যোগে তার বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. এস এম মনিরুজ্জামান শাহিন একজন পেশাদার ও দক্ষ সরকারি কর্মকর্তা। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির আদর্শের সাথে সম্পৃক্ত ছিলেন। অথচ দুঃখজনকভাবে, সরকারি কর্মকর্তা হিসেবে বিগত সরকারের মন্ত্রীদের সাথে দাপ্তরিক কাজের কিছু ছবিকে পুঁজি করে একটি কুচক্রী মহল তাকে 'ফ্যাসিবাদের দোসর' হিসেবে আখ্যায়িত করার অপচেষ্টা চালাচ্ছে।

তারা আরও বলেন, ব্যক্তিগত আক্রোশ, ঈর্ষা ও পদ-পদবির লোভ থেকে যাকে-তাকে স্বৈরাচারের দোসর ট্যাগ লাগিয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার যে নোংরা মব কালচার দেশে শুরু হয়েছে, তা চরম অন্যায় এবং কোনোভাবেই কাম্য নয়।

​বক্তারা আরও বলেন, করোনাকালীন চরম সংকটের সময়ে যখন সাধারণ মানুষ চিকিৎসা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছিল, তখন ডা. মনিরুজ্জামান শাহিন নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সম্মুখসারির যোদ্ধা হিসেবে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন। তার সেই মানবিক ও নিষ্ঠাপূর্ণ অবদানকে বরিশালের মানুষ আজও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। অথচ আজ একটি মহল চিকিৎসকদের একাংশকে বিভ্রান্ত করে বিক্ষোভের নামে বরিশালের স্বাস্থ্য খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।

মানববন্ধনে উপস্থিত নাগরিকরা সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উস্কানি ও মিথ্যা অপপ্রচারে কান না দিয়ে ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের মতো একজন যোগ্য, সৎ ও জনবান্ধব কর্মকর্তাকে বরিশালের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে কাজ করার সুযোগ দেওয়া হোক। একই সাথে যারা স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে (বরিশাল) মিথ্যা তথ্য ছড়িয়ে মব সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

মানববন্ধনে বরিশালের বিভিন্ন পেশাজীবী, সমাজকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন।

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক