বিএমইউর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের অতিরিক্ত পরিচালক হলেন ডা. কামরুল ইসলাম
মেডিভয়েস রিপোর্ট: শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাজী মুহাম্মদ কামরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ডা. কাজী মুহাম্মদ কামরুল ইসলামকে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের অতিরিক্ত পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ডা. কাজী মুহাম্মদ কামরুল ইসলাম রাতে মেডিভয়েসকে বলেন, ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের অতিরিক্ত পরিচালক হিসেবে আজ দুপুর বেলায় দায়িত্ব পেয়েছি। নতুন দায়িত্ব, দায়িত্ব বুঝে নেওয়ার ব্যাপার আছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যারা কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের সাথে আলোচনা করে আমার কার্যপরিধি এবং এর বর্তমান অবস্থা জানতে হবে। তারপর আমি যতদিন থাকবো, আমার দায়িত্ব যথাযথভাবে যেন পরিচালনা করতে পারি, সে ব্যাপারে সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ।’
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি পেয়েছি। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক। সেখানে ফ্যাকাল্টি হিসেবে আমার রুটিন যে দায়িত্ব সেটা পূর্ণ আন্তরিকতার সঙ্গে চলমান থাকবে।’
এমইউ/