০১ জুলাই, ২০২৬ ০৫:৫৯ পিএম

বিএমইউতে ড্রাই ফার্মাকোলজি ল্যাব উদ্বোধন

বিএমইউতে ড্রাই ফার্মাকোলজি ল্যাব উদ্বোধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফার্মাকোলজি বিভাগে হিট প্রোজেক্ট-১২২৫৬-এর আওতায় প্রতিষ্ঠিত ড্রাই ফার্মাকোলজি ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ল্যাবটির উদ্বোধন করেন।

এ সময় ড্রাই ফার্মাকোলজি ল্যাবের জন্য স্থাপিত দুটি উচ্চক্ষমতাসম্পন্ন ওয়ার্কস্টেশনেরও উদ্বোধন করা হয়, যা ইনসিলিকো কম্পিউটেশনাল ফার্মাকোলজি গবেষণাকে নতুন মাত্রা দেবে।

অনুষ্ঠানে ভিসি ডা. এফ এম সিদ্দিকী আধুনিক গবেষণায় ইনসিলিকো কম্পিউটেশনাল ফার্মাকোলজির গুরুত্ব তুলে ধরে বলেন, ড্রাগ-রিসেপ্টর ইন্টারঅ্যাকশন বিশ্লেষণ, ড্রাগ-ড্রাগ ইন্টারঅ্যাকশন মূল্যায়ন, নতুন ওষুধ আবিষ্কার এবং উচ্চতর গবেষণা, বিশেষ করে পিএইচডি গবেষণার সুযোগ সৃষ্টিতে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিএমইউকে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন দুর্বার আগ্রহ ও ইনোভেটিভ উদ্যোগ। নতুন নতুন ওষুধ আবিষ্কার, ওষুধের বায়োইকুইভ্যালেন্স স্টাডি ও বিভিন্ন গবেষণায় ফার্মাকোলজি বিভাগ অনন্য উচ্চতায় পৌঁছাতে পারে। বিভাগের মেধা, জ্ঞান, দক্ষতা ও সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে পূর্ণ উদ্যমে কাজ করলে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

পরে ফার্মাকোলজি বিভাগের গবেষণাগার পরিদর্শন করেন ডা. এফ এম সিদ্দিকী। সেখানে স্থাপিত লিকুইড ক্রোমাটোগ্রাফি ম্যাস স্পেকট্রোমেট্রি (এলসি-এমএস) ও হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি (এইচপিএলসি) যন্ত্রসমূহ ঘুরে দেখেন তিনি। এ সময়  ল্যাবের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং গবেষণাগারের উন্নয়নে প্রশাসনিক ও আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন বিএমইউ ভিসি।

হিট প্রোজেক্টের  আওতায় পরিচালিত গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস (জিসিপি) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন ডা. এফ এম সিদ্দিকী। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল গবেষণা পরিচালনায় জিসিপি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, ড্রাই ফার্মাকোলজি ল্যাবের উদ্বোধন এবং এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ফার্মাকোলজি বিভাগের গবেষণা অবকাঠামো, কম্পিউটেশনাল গবেষণা সক্ষমতা ও ক্লিনিক্যাল গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ এবং তা বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট প্রোজেক্ট-১২২৫৬-এর সাব-প্রজেক্ট ম্যানেজার (ইনসিলিকো) ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলোরা শারমিন। তিনি জানান, এসব অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে বিভাগে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং (টিডিএম), বায়োইকুইভ্যালেন্স, ক্লিনিক্যাল ট্রায়াল ইউনিট ও টক্সিকোভিজিল্যান্স সেবা চালুর লক্ষ্যে কাজ চলছে। এসব কার্যক্রম দেশের ক্লিনিক্যাল ফার্মাকোলজি গবেষণা ও রোগীসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা, সহকারী অধ্যাপক ডা. শরদিন্দু কান্তি সিংহ, সহকারী অধ্যাপক ডা. নাজিরা মাহমুদ বাধন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও একান্ত সচিব-২ মো. লুৎফর রহমান, সহকারী রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন, সায়েন্টিফিক অফিসার ড. হাবিবা আক্তার ভূঁইয়াসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত