৩০ জুন, ২০২৬ ০৩:৪১ পিএম
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
সদর উপজেলার মদনপুর এলাকায় কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ এবং ক্লিনিক্যাল শিক্ষার সুযোগ নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকা পড়ে। তীব্র গরমে যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান,কলেজে হাসপাতালের ১০ তলা ভবন পড়ে আছে। গত বছরের জুনে হাসপাতাল চালুর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। হাসপাতাল চালু না থাকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে স্থানীয় জনগণও প্রত্যাশিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের হাসপাতাল ভবন প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় জনবল ও প্রশাসনিক উদ্যোগের অভাবে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এ অবস্থায় দ্রুত হাসপাতাল চালু এবং শিক্ষক সংকট নিরসনের জন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা। তারা বলেন, বারবার আশ্বাসের পরিবর্তে এখন বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি প্রয়োজন। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুস্তাক আহমেদ ভুঁইয়া বলেন, শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। হাসপাতাল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে পাঁচটি ব্যাচে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। কলেজটিতে অনুমোদিত শিক্ষকের সংখ্যা ৯৪ হলেও বর্তমানে কর্মরত রয়েছেন ৫২ জন।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত