‘প্রাকৃতিক দুর্যোগে বড় অঞ্চলে ব্যাহত হলে সারাদেশেই এইচএসসি পরীক্ষা স্থগিত হবে’
মেডিভয়েস রিপোর্ট: প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কোনো বড় অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণে বিঘ্ন ঘটলে শুধু ওই এলাকাই নয়, সারা দেশের পরীক্ষাও স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমে বলেছেন, দুর্যোগ পরিস্থিতিতে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি জানান, কোনো বড় এলাকায় বন্যা, ঝড় বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা আয়োজন বাধাগ্রস্ত হলে সেদিনের পরীক্ষা সারা দেশে স্থগিত রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। একই সঙ্গে দুর্যোগকবলিত এলাকায় আলাদাভাবে পরীক্ষা স্থগিত রেখে অন্য এলাকায় পরীক্ষা নেওয়ার বিষয়টিও আলোচনায় আছে। পরিস্থিতি পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
পরীক্ষার্থীদের বিশেষ পরিস্থিতির বিষয়েও নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি। কোনো পরীক্ষার্থী দুর্ঘটনা বা অনিবার্য কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারলে স্থানীয় প্রশাসন যৌক্তিক মনে করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলে জানান তিনি।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আরও বলেন, কোনো বিভাগ বা বৃহৎ এলাকায় বড় ধরনের দুর্যোগ দেখা দিলে নির্ধারিত দিনের পরীক্ষা পেছানো এবং পরবর্তী সময়ে সারা দেশে একযোগে তা আয়োজন করাকে অধিক কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এবার পাঁচ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের নয় টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পরীক্ষায় নকল ও অনিয়ম প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরাসহ দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শিক্ষাবিদরাও অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে শহর ও গ্রামের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার পার্থক্য বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, প্রশ্নপত্র এমন হতে হবে যাতে সব অঞ্চলের পরীক্ষার্থীরা সমানভাবে মূল্যায়নের সুযোগ পায়।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর। তাদের মধ্যে নয় টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে দুই লাখ ৮৬৯ জন। সারা দেশে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৯৯৭টি।
কন্ট্রোল রুম চালু
এইচএসসি পরীক্ষা ঘিরে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর- ০২-২২৩৩৬৯৮১৫।
এছাড়া যোগাযোগের জন্য ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫6১০৩১৫২ নম্বর নির্ধারণ করা হয়েছে। ই–মেইল ঠিকানা: [email protected]।
এনএইচ/