আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল: বিদেশি শিক্ষার্থী হারানোর শঙ্কা বিপিএমসিএ’র
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের সিদ্ধান্তে দেশি-বিদেশি শিক্ষার্থীদের চিকিৎসাশিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। সংগঠনটির মতে, বিএমডিসির বিদ্যমান আইন অনুযায়ী শিক্ষার্থীদের নিজ মেডিকেলে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়; ফলে হাসপাতালটি বন্ধ থাকলে অধ্যয়নরত প্রায় ৩০০ বিদেশি শিক্ষার্থীসহ বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমএন্ডডিসি) সভাপতি উদ্বেগ প্রকাশ করেন যে, রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজের হাসপাতাল সরকার বন্ধ করায় কলেজের অধ্যয়নরত প্রায় ৩০০ বিদেশশি শিক্ষার্থীই বিপদে পড়েছেন। বিএমএন্ডডিসি’র বিদ্যমান আইন এবং ভারতীয় ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের আইন অনুযায়ী মেডিকেল শিক্ষার্থীরা যে কলেজে অধ্যয়নরত সেই কলেজের হাসপাতালেই ইন্টার্নশিপসহ ক্লিনিকাল শিক্ষা সমাপ্ত করতে হবে। এ বিষয়ে সরকারকে তাদের তাড়াহুড়ো সিদ্ধান্তের বিষয়টি সুরাহা করতে হবে।
বিএমএন্ডডিসি’র এই মতামতের সাথে একমত পোষণ করছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)।
এতে আরও বলা হয়, ‘হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। তবে মৃত্যুর সাথে জড়িতদের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে শান্তি প্রদান করা হউক।’
বিএমএন্ডডিসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতি বছর প্রায় দুই থেকে আড়াই হাজার বিদেশী শিক্ষার্থী দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তি হয়। এতে দেশে প্রায় আড়াই হাজার কোটি টাকার মত বৈদেশিক মুদ্রা আয় হয়। যা আমাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে।’
এতে আরও বলা হয়, ‘ইতোমধ্যে বিভিন্ন অপপ্রচার এবং প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের অবনতির কারণে গত কয়েক বছর থেকে বিদেশী শিক্ষার্থীর আগমন অর্ধেকের মত কমে গিয়েছে। এসোসিয়েশন হতে মালদ্বীপ, নেপাল, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকায় শিক্ষা মেলার মাধ্যমে বিদেশী শিক্ষার্থীদের বাংলাদেশে আহবান করা হলেও এ পরিস্থিতিতে বাংলাদেশে তাঁদের আসার আগ্রহ চলে যাবে।’
‘সরকারের সিদ্ধান্তে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ হলে বিদেশি শিক্ষার্থীর এ দেশে আসা সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাবে, যা হবে দেশের চিকিৎসা শিক্ষা খাতের উপর প্রবল আঘাত। এ কারণে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এমতাবস্থায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনঃবহাল করে যথা সম্ভব দ্রুত দেশি ও বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের সুদৃষ্টি আকর্ষণ করা হলো’—বলেছে বিপিএমসিএ।
জেএইচ/এমইউ/