জুলাই গণ-অভ্যুত্থানে হামলা মামলায় বগুড়ায় স্বাচিপ নেতা গ্রেপ্তার
মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণ–অভ্যুত্থানে হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বগুড়া জেলার সভাপতি নেতা ডা. সামির হোসেন মিশুকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে জেলার শেরপুর উপজেলার একটি রেস্তোরাঁ থেকে তাকে তাকে আটক করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ইন্সট্রাক্টর পদে কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শেরপুরের একটি রেস্তোরাঁয় বন্ধুর জন্মদিনের পার্টিতে অংশ নিয়েছিলেন ডা. মিশু। সেখানে তাঁর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিরাপত্তার স্বার্থে শেরপুর থানায় নিয়ে যায়। পরে বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ওসি আরও জানান, ‘২০২৫ সালের ২২ অক্টোবর বগুড়া সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ডা. সামির হোসেন মিশু এজাহারভুক্ত আসামি।’
নাটাইপাড়া এলাকার বাসিন্দা ও শিক্ষার্থী মো. আরাফ মামলাটি করেন। তাতে ১৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এইউ/এমআই