ক্লিনিকের এসি খুলতেই দেখা মিলল চার ফুটের কালনাগিনী সাপ
মেডিভয়েস রিপোর্ট: বরিশালের সাগরদীতে বরিশাল মেডিকেল সার্ভিসেস নামক একটি ক্লিনিকের এসি ফিল্টার খুলতেই বেরিয়ে এলো চার ফুট দীর্ঘ এক কালনাগিনী সাপ।
রোববার (১৪ জুন) দুপুর ২টা থেকে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় এসির মধ্য থেকে সাপটি উদ্ধার করেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।
প্রতিষ্ঠানের মালিক ডা. এসএম আবুল হাসান জানায়, ক্লিনিকের এসি খুলে বাসায় নেওয়ার জন্য কোম্পানির লোক আসে। তারা এসি খুলতে গিয়ে ভেতরে দুটি সাপ দেখতে পেয়ে আতঙ্কে ডাক-চিৎকার শুরু করে। পরে ৯৯৯-এ কল করে সহযোগিতা চাইলে তারা এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসার নম্বর দেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে মুসা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন।
এনিমেল লাভার্স অব পটুয়াখালী জানায়, দুপুর ২টা থেকে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় প্রায় চার ফুট দীর্ঘের কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়েছে।সংগঠনটি আরও জানায়, ক্লিনিকের পেছনে অনেক ঝোপ-ঝাড় রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে এসির পাইপ বা দেয়ালের ফাঁকা জায়গা থেকে সাপটি এসির ভেতরে ঢুকেছে। তবে ক্লিনিকের লোকেরা দাবি করেছে- তারা দুটি সাপ দেখেছে। কিন্তু সেখানে একটি সাপ পাওয়া গেছে। উদ্ধার হওয়া সাপটি প্রাপ্ত বয়স্ক হলেও এ সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। সাপটি বন বিভাগে হন্তাস্তর করা হয়েছে।
এর আগে, গত ৭ ও ৮ জুন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজির কক্ষ থেকে দুই জোড়া অর্থাৎ চারটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। অফিস, ক্লিনিক থেকে একের পর এক সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে নাগরিকরা।
প্রসঙ্গত, দেশে থাকা দৃষ্টিনন্দন সাপগুলোর মধ্যে কাল নাগিনী অন্যতম। অঞ্চলভেদে সাপটিকে উড়াল সাপ, সুন্দরী সাপ, কাল সাপ ইত্যাদি নামেও ডাকা হয়। ইংরেজি নামের সঙ্গেও ‘ফ্লাইং স্নেক’ রয়েছে, তবে সাপটি মোটেও উড়তে পারে না। এটি গাছের উঁচু ডাল থেকে নিচু ডালে লাফিয়ে নামে। কাল নাগিনী দিবাচর ও শান্ত স্বভাবের সাপ। খুব বেশি বিরক্ত না হলে কামড়ায়ও না। এরা গিরগিটি, বাদুড়, ইঁদুর, ছোট পাখির ডিম ও কীটপতঙ্গ খায়। এরা সাধারণত পোকামাকড়, টিকটিকি, গিরগিটি, ব্যাঙ ও ছোট পাখি ইত্যাদি খায়। সাধারণত মার্চ থেকে জুলাই পর্যন্ত এদের প্রজনন মৌসুম। সাপটি একবারে ৬-১২টি ডিম পাড়ে যা থেকে দুইমাস পর বাচ্চা ফোটে।
এমআই/