বিএমইউর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) তিন শ্রেণীতে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। গত ২ জুন দৈনিক পত্রিকায় অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক বিভিন্ন বিভাগে ১৮৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো প্রতিষ্ঠানটি।
রোববার (৭ জুন) বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্বারক নং বিএমইউ/২০২৬/৫৪০৭, তারিখ ১ জুন ২০২৬ মোতাবেক জারিকৃত ও ০২ জুন ২০২৬ তারিখ জাতীয় দৈনিক সমকাল, ডেইলি নিউএজ পত্রিকায় এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বাতিল করা হলো।
এর আগে, গত ২ জুন জাতীয় দৈনিক সমকাল ও ডেইলি নিউএজ পত্রিকায় এবং ১ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগে ১৮৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। যেখানে ২১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল।
এমআই/