স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক, নিয়োগ কাঠামোতে অন্তর্ভুক্তির দাবি
মেডিভয়েস রিপোর্ট: দেশের চক্ষু সেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যখাতের নিয়োগ কাঠামোতে অন্তর্ভুক্তির লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে বৈঠক করেছেন অপটোমেট্রিস্টরা।
আজ বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন ব্যাচেলর অব অপটোমেট্রি ডিগ্রিধারী পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
এতে দেশের আধুনিক চক্ষু সেবা সম্প্রসারণ, দক্ষ অপটোমেট্রিস্ট তৈরি এবং প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত আই কেয়ার সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় সরকারি স্বাস্থ্যখাতে দক্ষ ও যোগ্য অপটোমেট্রিস্ট নিয়োগ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পেশাজীবীদের জন্য উপযুক্ত কর্মপরিসর নিশ্চিতের দাবি তুলে ধরেন বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি অপটোমেট্রিস্টদের পেশাগত বাস্তবতা, সম্ভাবনা ও প্রত্যাশার বিষয়গুলোও আলোচনা করা হয়।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতে দক্ষ অপটোমেট্রিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চক্ষু সেবা পৌঁছে দিতে সরকার ইতিবাচকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, অপটোমেট্রি পেশার উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং সরকারি স্বাস্থ্যব্যবস্থায় এ পেশাজীবীদের কার্যকর অন্তর্ভুক্তির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
স্বাস্থ্যমন্ত্রী অপটোমেট্রিস্টদের পেশাগত নিষ্ঠা ও দেশের মানুষের উন্নত চক্ষু সেবা নিশ্চিত করার প্রচেষ্টার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি সবাইকে ঐক্য, আত্মবিশ্বাস ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সঠিক নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের চক্ষু সেবা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের চক্ষু সেবার মানোন্নয়নে অপটোমেট্রিস্টদের সম্পৃক্ততা আরও বাড়ানো হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
প্রতিনিধি দলে ছিলেন ড. গাজী রিয়াজ রহমান, অপটোমেট্রিস্ট শাহাদাত হোসেন দেলোয়ার, অপটোমেট্রিস্ট এস এম আব্দুল্লাহ আল মামুন, অপটোমেট্রিস্ট আরমান বিন আজিজ এবং অপটোমেট্রিস্ট এস এম মঈনুল ইসলাম।
এমইউ/