১২ মে, ২০২৬ ০৫:৫০ পিএম

রংপুরে আন্তর্জাতিক নার্স দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রংপুরে আন্তর্জাতিক নার্স দিবসে র‌্যালি ও আলোচনা সভা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপার্ট: ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’—রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।

আজ মঙ্গলবার (১২ মে) সকালে রংপুর নার্সিং কলেজ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে রংপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. জহুরুল হক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, রংপুরের সভাপতি নাজমা নাহার বেগম এবং রংপুর নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ও টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিউলি বেগমসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবায় নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্ষমতায়ন এবং প্রাপ্য সম্মান নিশ্চিত করা সময়ের দাবি। বক্তারা আরও বলেন, একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের অবদানও অপরিসীম।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি রংপুর নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত