মেন্ডি ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হলেন ডা. ফরহাদ
মেডিভয়েস রিপোর্ট: মেন্ডি ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। রোববার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই গভর্নিং বডির মেয়াদ হবে প্রথম সভা থেকে তিন বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এম ওবায়দুল ইসলাম এই মনোনয়ন প্রদান করেছেন।
চিঠিতে মেন্ডি ডেন্টাল কলেজের শিক্ষানুরাগী সদস্য হিসেবে ঢাবির ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা। একাডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জুলফিকার হাসান খান এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরীন সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. শেখ ফরহাদ বিএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক। তিনি ২০০০ সালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭২ সালের ৭ মে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসারা গ্রামে জন্মগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও মরহুমা ফিরোজা বেগমের ছেলে শেখ ফরহাদ ব্যক্তি জীবনে এক কন্যা সন্তানের পিতা। তাঁর কন্যা মাইসা মালিহা ফরহাদ যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এবং তাঁর সহধর্মিনী একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আঞ্জুমান আরা অবস এন্ড গাইনি বিশেষজ্ঞ।
এমআর/এইইউ