০৪ মে, ২০২৬ ০৯:২০ পিএম

‘দক্ষ জনবল ছাড়া অপারেশনে রোগীর মৃত্যু হলে ক্লিনিক আজীবন বন্ধ’

‘দক্ষ জনবল ছাড়া অপারেশনে রোগীর মৃত্যু হলে ক্লিনিক আজীবন বন্ধ’
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রয়োজনীয় সংখ্যক দক্ষ জনবল ছাড়া অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ক্লিনিক আজীবনের জন্য সিলগালা করা হবে বলে জানিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু।

আজ সোমবার (৪ মে) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিকদের সাথে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সব ক্লিনিক মালিকদের উদ্দেশে মনজুরুল ইসলাম বলেন, আপনারা ক্লিনিক চালাতে হলে নীতিমালা অনুসরণ করে বিশেষজ্ঞ সার্জন ও অ্যানেসথেসিয়া ডাক্তারের মাধ্যমে অপারেশন কার্যক্রম পরিচালনা করবেন।

প্রতিটি ক্লিনিকে সার্বক্ষণিক রোগীর তদারকি করার জন্য অন্তত একজন বিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়া এমবিবিএস ডাক্তার মেডিকেল অফিসার, তিনজন ডিপ্লোমা নার্স এবং নীতিমালা হিসেবে অন্যান্য জনবল নিয়োগ করুন।

ল্যাবের জন্য চুক্তিভিত্তিক সার্টিফাইড মেডিকেল টেকনোলজিস্ট রাখুন, অন্যথায় ক্লিনিক বন্ধ করে দিন।

‘বিপদে পড়ে আমার কাছে এলে বা আমাকে ফোন দিলে কোনো সুপারিশ করা হবে না, নিয়ম মেনে চলুন। মানুষ মেরে ফেলে সহযোগিতা চাইবেন, তার কোনো সুযোগ নেই’—যোগ করেন তিনি।

শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাওয়া পাশের উপজেলার দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, ‘পাশেই চিরিরবন্দর যেমন শিক্ষার নগরীতে পরিণত হয়েছে, আপনারা সঠিক নিয়মে বীরগঞ্জকে স্বাস্থ্যসেবার নগরীতে পরিণত করতে কাজ করুন।’

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচএফপিও) আফরোজ সুলতানা লুনাসহ সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে তৎপর হওয়ার নির্দেশনা দেন মনজুরুল ইসলাম মঞ্জু। বলেন, যেসব ক্লিনিকে রোগী দুই-চার দিন পর পর মারা যাচ্ছে, তারা আমাদেরই মা-বোন কিংবা স্ত্রী; তাই ক্লিনিক মালিকেরা সাবধান হয়ে যান, আর কোনো ছাড় দেওয়া হবে না।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক