১৩ এপ্রিল, ২০২৬ ০৬:৩৮ পিএম

এবার দিনাজপুর মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি

এবার দিনাজপুর মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পর এবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে রোগীর স্বজন কর্তৃক কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাসে তাঁরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে এ ঘোষণা দেন।

এর আগে, রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুস সামাদ (৬৫) বুকে ব্যথা নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলার সিসিইউ-২ ইউনিটের ৩ নম্বর বেডে ভর্তি হন। পরে রাত দেড়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাঁর মৃত্যুর খবর পেয়ে রোগীর স্বজনরা হাসপাতালে ভিড় করেন। এ সময় তাঁরা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ধাক্কাধাক্কি হয়।

ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে রাত সাড়ে তিনটার দিকে রোগীর স্বজনরা নিহত আব্দুস সামাদের মরদেহ নিয়ে বাড়িতে চলে যান।

এ ঘটনার জেরে ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালে নিজেদের নিরাপত্তা ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জরুরি বিভাগ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন।

কর্তব্যরত চিকিৎসকেরা জানান, প্রথম থেকেই রোগীর অবস্থা ভালো ছিল না। পরে চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা যান। এরপর রোগীর স্বজনরা চিকিৎসকদের গায়ে হাত দেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন ও অশালীন আচরণ করেন।

ইন্টার্ন চিকিৎসক ডা. তিতলি জানান, ‘রোগীকে আমরা যখন গ্রহণ করি, তখন তার পালস ও ব্লাড প্রেশার নন-রেকর্ডেবল ছিল। আমরা ডিসি শকসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রোগীর স্বজনদের বোঝানোর চেষ্টা করলে তারা উল্টো অসহযোগিতা ও বাধা দেওয়া শুরু করে। রোগী মারা গেলে তারা আমার ওপর হামলা করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং কর্তব্যরত চিকিৎসক স্যারকে প্রায় দেড় ঘণ্টা জিম্মি করে রাখে। অন্য রোগীদের সেবা দিতেও বাধা প্রদান করে।’

ইন্টার্ন চিকিৎসক ডা. আসাদুল্লাহ আনসারী বলেন, ‘এ ধরনের ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে।’

পরবর্তীতে ইন্টার্ন চিকিৎসকেরা দুপুরে অবস্থান কর্মসূচি পালন করে নিম্নলিখিত দাবিসমূহ পেশ করেন—

১. অপরাধীদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং দ্রুত দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে।
২. চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ক্যাম্পে সদস্যসংখ্যা বাড়াতে হবে এবং পুলিশের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জবাবদিহির আওতায় আনতে হবে।
৩. গেট পাস ছাড়া এবং ভিজিটিং আওয়ারের বাইরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করতে হবে।
৪. হাসপাতালে একটি কুইক রেসপন্স টিম সবসময় প্রস্তুত রাখতে হবে।
৫. সশস্ত্রভাবে নিয়মিত সন্ধ্যাকালীন রাউন্ড নিশ্চিত করতে হবে এবং প্রতিটি ওয়ার্ডে পুলিশি নিরাপত্তা জোরদার করতে হবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত