১৩ এপ্রিল, ২০২৬ ০৬:৩৩ পিএম

সোহরাওয়ার্দীতে ফিটোম্যাটার্নাল মেডিসিন ইউনিটের যাত্রা শুরু 

সোহরাওয়ার্দীতে ফিটোম্যাটার্নাল মেডিসিন ইউনিটের যাত্রা শুরু 
সোহরাওয়ার্দী মেডিকেলে ফিটোম্যাটারনাল মেডিসিন ইউনিটের যাত্রা শুরু। ছবি: মেডিভয়েস।

মেডিভয়েস রিপোর্ট: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ফিটোম্যাটার্নাল মেডিসিন ইউনিটের যাত্রা শুরু হয়েছে। আন্তর্জাতিক মাতৃস্বাস্থ্য ও অধিকার দিবস উদযাপন উপলক্ষে আজ সোমবার (১৩ এপ্রিল) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ আয়োজনকে কেন্দ্র করে দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। 

এতে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সাবেক সভাপতি অধ্যাপক ডা. সালমা রউফ বলেন, এ রকম সাব স্পেশালিটি প্রতিষ্ঠা করা একটি লড়াইয়ের মতো। অধ্যাপক ডা. ফিরোজা বেগম এই যুদ্ধের সম্মুখযোদ্ধা। তিনি লড়াই করে এই বিভাগ প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজের পর আজ সোহরাওয়ার্দীতে এর ইউনিট খোলা হলো।

তিনি আরও বলেন, ‘এ দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বড় সমস্যা হলো—এখানে পরিসংখ্যান থাকে না, তথ্য-প্রমাণ থাকে না, গবেষণাপত্র থাকে না। বিদেশিদের পরিসংখ্যান আর গবেষণাপত্র ধরে রোগীদের সেবা দিতে হয়। অথচ আমাদের হাতে আছে রোগীদের বিশাল খনি। বিষয়টি মাথায় রেখে চলতে পারলে আমাদের মায়েদের কাঙিক্ষত সেবা নিশ্চিত করতে পারবো আমরা।’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফিটোম্যাটার্নাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তাবাসসুম পারভীন বলেন, দেশে ২০০৪ সালে একটি রুম নিয়ে ফিটোম্যাটার্নাল মেডিসিন ইউনিটের যাত্রা শুরু হয়। ২০১৫ সালে পথচলা শুরু হয় বিভাগ হিসেবে। এরপর কারিকুলাম তৈরি হয়। ওই সময় রোগীও তেমন ছিল না। আস্তে আস্তে এর বিস্তার ঘটে। এখন বৃহত্তর পরিসরে সেবা দিচ্ছে এই বিভাগ। আরও অনেক দূর যেতে হবে।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুশাররাত সুলতানা বলেন, ‘গাইনকোলজিস্টদের জীবনে অনেক প্রতিবন্ধকতা; সেটা ঘরেও, বাইরেও। সেজন্য আমাদের সাহসী ও উদ্যমী হয়ে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের।’

ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম  বলেন, ‘আজকে সোহরাওয়ার্দী মেডিকেলের একটি বিশেষ দিন। আমার জন্যও খুশির দিন। আমাদের ৬০ জন ফেলো আছেন, যারা এফসিপিএস ও এমএস সম্পন্ন করেছেন। এদেশে পুরনো মেডিকেল কলেজ মাত্র আটটি। ষাটকে আট দিয়ে ভাগ করলে একেক মেডিকেল কলেজে ৫-৬ জন করে দেওয়া সম্ভব হবে। আমি চাই না, এই সাব স্পেশালিটি ঢাকাকেন্দ্রিক হোক। পুরনো আট মেডিকেল কলেজে এই সাবজেক্ট সক্রিয়ভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে।

সাব স্পেশালিটি চালু করা সহজ কোনো কাজ নয় জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, একটা সন্তান জন্ম দেওয়া যে কষ্ট, একটি নতুন বিষয় তৈরি করা তার থেকে আরও অনেক বেশি কষ্টের। আমার জ্যেষ্ঠদের প্রতি সম্মান রেখেই বলছি, তখন এটা কেউ মেনে নিতে পারেননি। সবাই মনে করেন আমি তো অবস্টট্রিক্স করি। তাহলে কেন নতুন এই বিষয়। এখন তারা দেখলে বুঝতে পারবেন, কেন এই বিষয়ের যাত্রা শুরু হয়েছিল। গাইনির সামগ্রিক বিষয় জানতে গেলে আরও গভীর পড়াশোনা দরকার। প্রতিদিন আমরা যে নতুন নতুন বিষয় জানছি, এটাই ফিটোম্যাটার্নাল মেডিসিনের কাজ। এটা মাত্র কয়েকটা চ্যাপ্টার না।

সবার লক্ষ্য থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, লক্ষ্য সামনে রেখে সবাই একত্রে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশ এগিয়ে নিতে হলে স্বাস্থ্যে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সুতরাং গাইনির সাব স্পেশালিটিগুলো জেলা হাসপাতালে পুরোপুরি কার্যকর করতে হবে। এটা না করলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো যাবে না।

সেবার বিস্তৃতি ঘটাতে না পারায় প্রান্তিক পর্যায়ের মায়েরা খুব ভোগান্তিতে থাকেন বলেও জানান বক্তারা।

অনুষ্ঠানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সিহাব উদ্দিন এই ইউনটি প্রতিষ্ঠায় নিজের ভূমিকার জন্য গর্ববোধ করেন। ইউনিটের জন্য জায়গায় ও আনুসাঙ্গিক সহযোগিতার ব্যাপারে আশ্বাস দেন তিনি। ফিটোম্যাটার্নাল মেডিসিন চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ বিষয় হওয়ায় সবাই আন্তরিকতা নিয়ে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. সিহাব উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিকেল গাইনি ও স্ত্রী রোগ বিভাগের ফিটোম্যাটারনাল মেডিসিনের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. খন্দকার শেহনীলা তাসমিন।

সবশেষে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিট হেড অধ্যাপক ডা. ইসরাত জাহান।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত