সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে হাদির লাশ
মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মো. ওসমান হাদির লাশ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে।
লাশ বহনকারী বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য।
বিমানবন্দর থেকে হাদির লাশ নিয়ে যাওয়া হবে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে। শুক্রবার রাতে সেখানেই রাখা হবে কফিন।
টিআই/