১৩ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৬ এএম

এসডিজির লক্ষ্যমাত্রা হতে পিছিয়েছে দেশ: স্বাস্থ্য উপদেষ্টা

এসডিজির লক্ষ্যমাত্রা হতে পিছিয়েছে দেশ: স্বাস্থ্য উপদেষ্টা
চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) লক্ষ্যমাত্রা হতে দেশ পিছিয়ে পড়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, জন্মহার ২ থেকে প্রায় ২.৪ হয়ে গেছে এবং শিশু মৃত্যুর হার ও মাতৃমৃত্যু হারও বেড়ে গেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোকসহ সব ধরনের রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে সভায় নুরজাহান বেগম বলেন, ‘বর্তমানে এসডিজির লক্ষ্যমাত্রা হতে আমরা পিছিয়ে আছি। পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণের জায়গায় আমরা পিছিয়ে গেছি। জন্মহার ২ থেকে প্রায় ২.৪ হয়ে গেছে। শিশু মৃত্যুর হার ও মাতৃমৃত্যুর হার বেড়ে গেছে। কাজেই রোগ প্রতিরোধে গাফিলতি করলে পুরো চট্টগ্রাম কিংবা দেশটাকেই হাসপাতাল বানানো হলেও স্বাস্থ্যখাতে উন্নতি হবে না, তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে।’

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে জনগণের সর্বোচ্চ ও গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের মনোনিবেশ করার আহ্বান জানান নুরজাহান বেগম।

তিনি বলেন, ‘হাসপাতাল দল বা পার্টির জায়গা না। এটা চিকিৎসার জায়গা, এটা ডিসকাশন ও সমস্যা সমাধানের জায়গা। আপনি যেই দলেরই মতাদর্শী হোন না কেন, আপনার কাজ হচ্ছে ঠিকমতো সেবা দেওয়া।’

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক নুরুদ্দিন, বার্ণ ও প্লাস্টিক ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নির্মিতব্য বার্ন ইউনিট ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের অর্থায়নে হৃদরোগ বিভাগের আধুনিকায়ন প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক