এমবিবিএস-বিডিএসে ভর্তির আবেদন ১ লাখ ২২ হাজার ৫২৫
মেডিভয়েস রিপোর্ট: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএসে ভর্তির জন্য আবেদন করেছেন এক লাখ ২২ হাজার ৫২৫ শিক্ষার্থী। সংশ্লিষ্ট তথ্য মতে, সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন পাঁচ হাজার ১০০টি। আর সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৪৫টি। এই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ জন।
শনিবার (২২ নভেম্বর) রাতে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএসে পাঁচ হাজার ৩৮০টি আসনের বিপরীতে এক লাখ ৩৫ হাজার ২৬১ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। ওই বছর আসনপ্রতি ২৫ দশমিক ১৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত একই দিনে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মান বণ্টন ও প্রশ্ন পদ্ধতি
অধিদপ্তরের তথ্য মতে এ বছর, সাধারণ জ্ঞান, মানবিক গুণাবলি, ব্যক্তিত্বমূলক দিক ও বিশ্লেষণী ক্ষমতা—এই চারটি মিলে ১৫ নম্বর থাকবে। তবে ফিজিক্সে নম্বর ২০ থেকে কমিয়ে ১৫ করা হবে। অর্থাৎ এ বছরের নতুন নম্বর বণ্টন হবে বায়োলজিতে ৩০, কেমিস্ট্রিতে ২৫, ফিজিক্সতে ১৫, ইংরেজিতে ১৫ এবংসাধারণ জ্ঞান, মানবিক মূল্যবোধ ও বিশ্লেষণী দক্ষতায় ১৫ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ১৫ মিনিট, পাশ নম্বর ৪০।
মেধা তালিকা নির্ধারণ
এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে। এসএসসি জিপিএ × ৮ = ৪০ নম্বর। এইচএসসি জিপিএ × ১২ = ৬০ নম্বর। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এ দুইয়ের যোগফলেই মেধাতালিকা চূড়ান্ত হবে। ২০২৪ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কর্তন করা হবে।