১৪ নভেম্বর, ২০২৫ ০৩:৫৭ পিএম

মেডিকেলের নবাগতদের ছাত্র শিবিরের সংবর্ধনা

মেডিকেলের নবাগতদের ছাত্র শিবিরের সংবর্ধনা
মেডিকেলে অধ্যয়নরত প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ছাত্র শিবিরের অভ্যর্থনা ও ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক অনুষ্ঠান। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেলে অধ্যয়নরত প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভ্যর্থনা ও ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) এ আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত প্রথম বর্ষের প্রায় সাড়ে নয়শ’ শিক্ষার্থী।

ছাত্র শিবির মেডিকেল জোন শাখার সভাপতি ডা. যায়েদ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মুহা. আবু সাদিক (কায়েম), বিএমইউর রেসিডেন্ট (এমএস, অর্থোপেডিক্স) ডা. মোস্তাফিজুর রহমান।

মেডিকেল জোনের সেক্রেটারি ডা. জুলফিকার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. কানিজ ফাতেমা (রিফাত)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. রিফাত মাহবুব।

ডা. কানিজ ফাতেমা (রিফাত) বলেন, ‘মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা প্রথম বর্ষে ইন্টিগ্রেটেড উপায়ে এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সুযোগ পাচ্ছে। আমাদের সময় একটা টপিকের ওপর হয় তো অ্যানাটমি পড়লাম, আরেকটা টপিকে ফিজিওলজি, আবার আরেকটা টপিকের ওপর বায়োকেমিস্টি। কোনো কো-রিলেশেন করতে পারতাম না, কষ্ট হতো। এখন প্রতিটি মেডিকেল ইনস্টিটিউটে কারিকুলামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে। এতে তোমরা খুবই বেনিফিটেড হবে।'

ডা. কানিজ ফাতিমা শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হওয়ারও আহ্বান জানান।

ডা. মোস্তাফিজুর রহমানের বলেন, ছাত্রলীগের বৈষম্যের কারণে হলে সিট পাওয়া দুষ্কর ছিল। ছাত্রলীগ নেতারা হলে একটি রুম দখল করে রাখতো। অন্যদিকে পাঁচজনের জন্য বরাদ্দ করা একটি রুমে ১৫-২০ জন শিক্ষার্থীকে থাকতে বাধ্য করা হতো।

সভাপতির বক্তব্যে মেডিকেল জোন শাখার সভাপতি ডা. যায়েদ আহমাদ বলেন, ‘নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন ধারার সূচনা করতে পেরে আমরা গর্ববোধ করছি। এ ধরনের অনুষ্ঠান আরও আগে করতে পারলে বেশি ভালো হতো।

ডা. যায়েদ বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে হলে থাকার বিনিময়ে একজন শিক্ষার্থী বিনা মূল্যে খাটানোর সংস্কৃতি ছিল। ওই সময় মানসিক চাপের সুযোগ নিয়ে শিক্ষার্থীদেরকে ইচ্ছার বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতিতে জড়াতে বাধ্য করা হতো। পাঁচ আগস্টের পর এই দুঃশাসনের অবসান ঘটেছে।

অনুষ্ঠানে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের সময় ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আহত ঢাবির ভাই-বোনদের চিকিৎসায় এগিয়ে এসেছিলেন ঢাকা মেডিকেলের ছাত্র শিবিরের চিকিসকরা৷  অসীম সাহসিকতায় আহতদের পক্ষে দাঁড়িয়েছিলেন। সে সময় ছাত্রলীগ চিকিৎসা নিতেও বাঁধা দিয়েছে। তারা ইসরায়েলি ইহুদিদের অনুসরণে ঢাকা মেডিকেলে হামলাও চালিয়েছে। 

মেডিকেল শিক্ষার্থীদের মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, কেবল বাড়ি গাড়ি করার চিন্তা করলে এটা প্রশান্তি নয়, অশান্তির কারণ হবে। 

তিনি বলেন, সিন্ডিকেটের কারণে দেশের মেডিকেল খাত অন্যতম বড় দুর্নীতিগ্রস্ত খাত। এটা ভেঙে ফেলতে হবে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

​​​​এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত