১৩ অক্টোবর, ২০২৫ ০৬:২৩ পিএম

নোয়াখালী সদর হাসপাতালে পেট না কেটে প্রথম হার্নিয়া অপারেশন

নোয়াখালী সদর হাসপাতালে পেট না কেটে প্রথম হার্নিয়া অপারেশন
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: নোয়াখালী সদর হাসপাতালে প্রথমবারের মতো পেট না কেটে ল্যাপারোস্কপিক পদ্ধতিতে সফল হার্নিয়া অস্ত্রোপচারে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। বুধবার (৮ অক্টোবর) হাসপাতালের সার্জারি বিভাগে এ অস্ত্রোপচার হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এবং সোসাইটি অব এন্ডো-ল্যাপারোস্কোপিক সার্জনস অব বাংলাদেশের (এসইএলএসবি) সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া এই অপারেশনের নেতৃত্ব দেন।

একই দিন হাসপাতাল প্রাঙ্গণে ল্যাপারোস্কপিক হার্নিয়া সার্জারি বিষয়ক একটি লাইভ ওয়ার্কশপ আয়োজন করে এসইএলএসবি। এতে নোয়াখালী সদর হাসপাতালের সার্জারি বিভাগের ক্লিনিক্যাল প্রধান ডা. সাইফ উদ্দিন, রেজিস্ট্রার ডা. কামরুজ্জামান আজাদসহ আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।

লাইভ ওয়ার্কশপে চিকিৎসকরা জানান, ল্যাপারোস্কপিক হার্নিওপ্লাস্টি ভায়া ট্রান্স-অ্যাবডোমিনাল প্রি-পেরিটোনিয়াল রিপেয়ার (টিএপিপি) নামের এই আধুনিক পদ্ধতিতে পেট না কেটেই হার্নিয়া সার্জারি করা সম্ভব হয়। এতে রোগীর শারীরিক কষ্ট ও অর্থনৈতিক ব্যয় কম হয় এবং অপারেশন পরবর্তী জটিলতাও কমে আসে।

চিকিৎসকরা বলেন, ‘প্রান্তিক পর্যায়ে এ ধরনের প্রযুক্তির প্রয়োগ রোগীদের জন্য যেমন উপকার বয়ে আনে, তেমনি স্থানীয় সার্জনদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোর পাশাপাশি বাংলাদেশেও ল্যাপারোস্কপিক সার্জারি জনপ্রিয়তা পাচ্ছে। সময় সাশ্রয়ী ও ঝুঁকিহীন এ অপারেশন পদ্ধতির কারণে দেশের সরকারি হাসপাতালগুলোতেও এ প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

ইআরজে/টিআই/এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত