০২ অক্টোবর, ২০২৫ ০৪:৫৩ পিএম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ৩৯৬

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ৩৯৬
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২০২ জনে। 

এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন। এ নিয়ে চলতে বছর দেশে শনাক্ত রোগী ৪৮ হাজার ২২৮ জন।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের চট্টগ্রামে ও একজনের ঢাকা উত্তর সিটি করপোরেশনে মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪০৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৮২ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। এর আগের বছর ডেঙ্গুতে মারা যান এক হাজার ৭০৫ জন। তখন আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত