গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা মেডিকেল দাওয়াহ সোসাইটির
মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌযানের উপর হামলা ও অধিকারকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে সোচ্চার হওয়ারও আহ্বান জানায় সংগঠনটি।
মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশের সদস্য সচিব ডা. আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, ফ্লোটিলায় ৪৪টি দেশের ৫০০-এর বেশি নাগরিক অংশগ্রহণ করেছিলেন, যারা খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌযানের উপর ইসরাইলি হামলা হয়েছে। এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং অযাচিত শক্তি প্রয়োগের ভয়াবহ উদাহরণ।
অবিলম্বে আটককৃতদের মুক্তি, ফ্লোটিলার জাহাজসমূহ অবাধে চলাচলের সুযোগ এবং মানবিক সহায়তা পৌঁছাতে বাধাহীন ব্যবস্থা নিশ্চিতে ইসরায়েলের প্রতি জোর দাবি জানিয়েছে মেডিকেল দাওয়াহ সোসাইটি।
একই সঙ্গে গাজার জনগণের প্রতি চলমান অত্যাচার রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক ও সক্রিয় হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সোসাইটি বলেছে, এই হামলা মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ, যা কোনোভাবেই সহ্য করার মতো নয়।
একই সাথে এই ঘটনার তাৎক্ষণিক আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
‘মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ গ্লোবাল ফ্লোটিলার অংশগ্রহণকারীদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তার জন্য দোয়া কামনা করছে। বিশেষভাবে বহরে যোগ দেওয়া ব্রিটিশ-বাংলাদেশি সাহায্যকর্মী রুহি এবং বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমসহ সকল মানবাধিকার কর্মীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি’—সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মেডিকেল দাওয়াহ সোসাইটি।
এমইউ/
-
০৪ অক্টোবর, ২০২৫
-
০৩ অক্টোবর, ২০২৫