২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪২ এএম

বগুড়া এনডিএফের উদ্যোগে সিরাত সেমিনার অনুষ্ঠিত

বগুড়া এনডিএফের উদ্যোগে সিরাত সেমিনার অনুষ্ঠিত
এনডিএফ বগুড়া শাখার উদ্যোগে সিরাতুন্নবি বিষয়ক সেমিনারে অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সিরাতুন্নবি বিষয়ক সেমিনার। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোটেল নাজ গার্ডেনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামি স্কলার অধ্যাপক নজরুল ইসলাম, এনডিএফ বগুড়ার উপদেষ্টা অধ্যক্ষ আবিদুর রহমান ও আ.স.ম আব্দুল মালেক প্রমুখ।

'আদর্শ সমাজ বিনির্মাণে রাসুলাল্লাহ সা. এর ভূমিকা'—শীর্ষক আলোচনায় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নবিদের দায়িত্বই ছিল সমাজ ও রাষ্ট্রে ইনসাফ এবং কল্যাণ প্রতিষ্ঠা করা। এজন্য তাঁরা মানুষকে আল্লাহ তায়ালার দিকে আহ্বান করেছেন। রাসুল সা. তাঁর সমগ্র জীবন দিয়ে আমাদের জন্য সর্বাধিক অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। চিকিৎসক ও একজন বিশ্বাসী হিসেবে আমাদেরও দায়িত্ব মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা।

প্রধান অতিথির বক্তব্যে এনডিএফ সেক্রেটারি অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, ‘আমরা রাসুলের (স.) উম্মত হিসেবে যদি নিজেদের দাবি করি, তাহলে অবশ্যই গাজার বেদনাকে হৃদয়ে ধারণ করতে হবে। তিনি চিকিৎসকদের রাসুলের (স.) আদর্শ ধারণ করা ও বাংলাদেশকে পুনর্গঠনের জন্য অংশ নেয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনডিএফ সেক্রেটারি।

সিরাত সেমিনারটি সভাপতিত্ব করেন এনডিএফ বগুড়া শাখা সভাপতি ডা. লিয়াকত হোসেন। 

বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনডিএফ বগুড়ার সেক্রেটারি ডা. মাহবুবুর রহমান সরকার এবং বিশিষ্ট সার্জন ডা. সলিমুল্লাহ আকন্দ।

সেমিনারে সিরাত বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. বাপ্পা আজিজুল।

উপস্থিত ছিলেন এনডিএফ বগুড়ার সাবেক সভাপতি ডা. মো. সোলায়মান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) সাবেক অধ্যক্ষ ডা. শাহজাহান আলী, বগুড়া নার্সিং হোমের পরিচালক ডা. মুশিহুর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের ডেপুটি ডিরেক্টর রোটারিয়ান ডা. মতিউর রহমান, জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল মামুন ও ডেপুটি সিভিল সার্জন ডা. নূর-ই-শাদীদ প্রমুখ।

অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা চিকিৎসকদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত