ডায়াবেটিস: বিএমইউতে প্রতি মঙ্গলবার সচেতনতা কর্মসূচি
মেডিভয়েস রিপোর্ট: ডায়াবেটিস থেকে সুরক্ষা নিশ্চিতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। প্রতি মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এর মাধ্যমে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন রোগী ও স্বজনরা।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহম্মদ আবুল হাসানাত স্বাক্ষরিত এক নোটিসে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সমন্বিত শিক্ষা, পরামর্শ ও ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন—এসব বিষয়কে সামনে রেখে প্রতি মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিএমইউর ১৬তলায় এন্ডোক্রাইন কর্নারে এ সংক্রান্ত আলোচনা তুলে ধরা হবে।
সচেতনতামূলক আয়োজনে যা যা থাকবে—
১. ডায়াবেটিস নিয়ন্ত্রণের কার্যকর উপায়,
২. খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা নির্দেশনা,
৩. ওষুধ গ্রহণ ও রক্তে শর্করা মনিটরিং,
৪. মানসিক স্বাস্থ্য ও পরামর্শ এবং
৫. ডায়াবেটিক পায়ের যত্ন ও জটিলতা প্রতিরোধ করা।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু দুপুরে মেডিভয়েসকে বলেন, শিক্ষকদের তত্ত্বাবধানে রেসিডেন্ট ফেজ বি-এর চিকিৎসকরা সময়সূচি অনুযায়ী প্রতি মঙ্গলবার এক ঘণ্টা এ সংক্রান্ত তথ্য উপস্থাপন করবেন।
ডায়াবেটিক রোগীদের সচেতনতায় এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোগীদের ডায়াবেটিস সংক্রান্ত জ্ঞানটা খুব জরুরি। যেসব রোগী চিকিৎসা পাচ্ছেন, ডায়াবেটিস নিয়ে ধারণার অভাবে বেশিরভাগ সময় তাদেরকে সেবা দিয়ে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি না। তাদের নানা রকম জটিলতা দেখা দেয়। এই পরিস্থিতিতে প্রতিরোধের লক্ষ্যে ডায়াবেটিসের জ্ঞান যতটা বেশি দেওয়া যায়, ততই কল্যাণ। তারা এ সংক্রান্ত আলোচনা যতবার শুনবেন, ততবারই কিছু না কিছু লাভবান হবেন।’
কর্মসূচিতে রোগী ও দুই-একজন স্বজন উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমইউ/