মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা: দগ্ধ শিক্ষক মাহফুজার মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২৫ দিন পর মারা গেলেন প্রতিষ্ঠানটির আরেক শিক্ষক। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজা খাতুন (৪৫) নামে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।
মাহফুজা খাতুন প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখার শিক্ষক ছিলেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এর মধ্যে বেশিরভাগই শিশু।
মৃত্যুর তথ্য নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, মাহফুজার শরীরের ২৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।
প্রসঙ্গত, গত ২১ জুলাই বেলা একটার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দুর্ঘটনার তাৎক্ষণিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
টিআই/এনএআর/
-
২৩ জুলাই, ২০২৫