ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ৩২৫
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৩২৫ জনের শরীরে। আজ শনিবার (৯ আগস্ট) ডেঙ্গু সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬২ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ছয় জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন রয়েছেন। একই সময়ে ৩০৬ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৩ হাজার ৭৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৮.৭ শতাংশ পুরুষ এবং ৪১.৩ শতাংশ নারী। বর্তমানে মোট ২২ হাজার ৩০৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।
টিআই/