১০ অগাস্ট, ২০২৫ ১২:১১ পিএম

ড্যাব নির্বাচনে হারুন-শাকিল প্যানেলের জয়

ড্যাব নির্বাচনে হারুন-শাকিল প্যানেলের জয়
ড্যাবের নির্বাচনে সভাপতি পদে হারুন ও মহাসচিব পদে শাকিল নির্বাচিত হয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি ও মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছে হারুন-শাকিল প্যানেল।

শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ ১ হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক পেয়েছেন ১ হাজার ২০২ ভোট।

মহাসচিব পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল ১ হাজার ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুস শাকুর খান পেয়েছেন ১ হাজার ০৭৯ ভোট।

কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান ১ হাজার ৩১২ ভোটে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. তৌহিদুল ইসলাম জন পান ১ হাজার ২৫৯ ভোট। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু ১ হাজার ৩১৬ ভোটে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আবু মো. আহসান ফিরোজ পান ১ হাজার ২৪৯ ভোট।

নির্বাচনে মোট ৩ হাজার ১১৭ ভোটারের মধ্যে ২ হাজার ৬০০ জন ভোট দেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এর আগে শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন তিনি। এসময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যসহ উভয় প্যানেলের প্রার্থীরা ও ড্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ড্যাবের কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা হয়েছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক নেতৃত্ব বেছে নিয়েছেন।’

নবনির্বাচিত সভাপতি ডা. হারুন আল রশীদ বলেন, ‘এই বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের ওপর আস্থা রাখায় চিকিৎসক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’

প্রসঙ্গত, হারুন আল রশীদ ২০১৯ সাল থেকে ড্যাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যদিকে, ডা. আজিজুল হক ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতির দায়িত্বে ছিলেন।

এর আগে ড্যাব কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত