জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে এসএসএমসিতে ছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা
মেডিভয়েস রিপোর্ট: জুলাই অভ্যুত্থানের বেদনাময় স্মৃতি ও ‘মাইলস্টোন ট্র্যাজেডি’র নির্মম বাস্তবতা স্মরণে এবং দুর্নীতিবাজ, ভঙ্গুর প্রশাসনের বিরুদ্ধে নতুন প্রত্যয়ের বার্তা নিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ছাত্রীদের উদ্যোগে হয়ে গেল সাংস্কৃতিরক পরিবেশনা।
নবদিগন্তের সুর–২০২৫ শিরোনামে বৃহস্পতিবার (২৪ জুলাই) কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো এই আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আফরোজা কুতুবী এবং 'জুলাই বিপ্লব'র শহীদ আলিফ ও শহীদ মুস্তাকিমের মা।
অনুষ্ঠানে প্রদর্শিত হয় একটি তথ্যবহুল ডকুমেন্টারি, যেখানে শহীদ আলিফ ও মুস্তাকিমের আত্মত্যাগ, ‘মাইলস্টোন ট্র্যাজেডি’ এবং মিটফোর্ডকেন্দ্রিক ঐতিহাসিক জুলাইয়ের রক্তাক্ত প্রেক্ষাপট তুলে ধরা হয়। পাশাপাশি ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়, যা নতুন প্রজন্মের মাঝে জাগিয়ে তোলে জুলাইয়ের চেতনা।
এতে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক, বিভিন্ন বিভাগের নারী চিকিৎসক এবং কলেজ ছাত্রীরা।
আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল মেডিকেল শিক্ষায় সহায়ক প্রতিষ্ঠান মেডিশার্ক এবং পোস্ট গ্রাজুয়েশন ও সিন্যাপ্স মেডিকেল একাডেমি।
সংশ্লিষ্টরা জানান, ‘নবদিগন্তের সুর’ কেবল একটি আয়োজন নয় এ যেন স্মরণ, শপথ ও সংগ্রামের এক অনন্য মঞ্চ, যেখানে আগামী প্রজন্মের চিকিৎসকরা ইতিহাস থেকে শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পায়।
এসএইচবি/এমইউ
-
২৩ সেপ্টেম্বর, ২০২২